গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পে
আহসান হাবিব সম্রাট
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১০:৪৪ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১১:০০
এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াই যেন লিওনেল মেসি ও এমবাপ্পের আকর্ষণীয় দ্বৈরথে পরিণত হয়েছে। এক ম্যাচে আর্জেন্টিনা কিংবদন্তি এগিয়ে যান, তো পরের ম্যাচে তাঁকে ধরে ফেলেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে মেসি এগিয়ে থাকলেও নকআউট পর্বে গোলসংখ্যায় তাঁকে ছুঁয়েছেন গত আসরে গোল্ডেন বুটজয়ী এমবাপ্পে। আসরে সাত গোল করে উভয়ই আছেন লিডারবোর্ডের শীর্ষে। তাদের থেকে দুই গোল পেছনে থেকে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ২০১৮ আসরের গোল্ডেন বুটজয়ী ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ও নরওয়ের ‘ভাইকিং রাজা’ আর্লিং হালান্ড।
সর্বকালের অন্যতম সেরা মেসি রেকর্ড আটটি ব্যালন ডি’অর ও দুবার বিশ্বকাপের গোল্ডেন বল জিতলেও একটি আক্ষেপ এখনও তাড়িয়ে বেড়ায় এই আর্জেন্টাইন কিংবদন্তিকে। পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছয়বার বিশ্বকাপে অংশ নিয়েও কখনও সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। শুধু বিশ্বকাপ গোল্ডেন বুটই তাঁর পদক ও ট্রফির শোকেসে ঠাঁই পায়নি। এবারের টুর্নামেন্টে সেই আক্ষেপ দূর করতেই যেন মরিয়া হয়ে উঠেছেন আর্জেন্টিনার এই প্রাণভোমরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে আরও তিন গোল করে নিজের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন। এরপর কেপ ভার্দের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ষোলোতে ওঠার ম্যাচেও গোল করে গোল্ডেন বুটের সবচেয়ে বড় দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ৩৯ বছরের এ ফরোয়ার্ড।
হাল ছেড়ে দেওয়ার পাত্র নন ফ্রান্স দলের আক্রমণভাগের প্রাণভোমরা এমবাপ্পেও। ২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকসহ মোট ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। এবারও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন। প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাকের বিপক্ষে জোড়া গোল করে নিজের সামর্থ্যের জানান দেন ২৭ বছরের এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে গোল না পেলেও শেষ ষোলোতে ওঠার ম্যাচে দুই গোল করে মেসির সঙ্গে গোল্ডেন বুটের দ্বৈরথ জমিয়ে তোলেন এমবাপ্পে।
শনিবার রাতে প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে পেনাল্টি থেকে গোল করে মেসির পাশে নাম লেখান তিনি। সেই গোলে ১-০ ব্যবধানে জিতে বিশ্বকাপের শেষ আটের টিকিট কাটে গত আসরের রানার্সআপ ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে গোলটি ছিল বিশ্বকাপে এমবাপ্পের ১৯তম গোল। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ২০ গোলের মালিক মেসির রেকর্ড থেকেও মাত্র এক গোল দূরে রয়েছেন ফ্রান্স তারকা।
টুর্নামেন্ট শেষে যদি একাধিক ফুটবলারের গোলসংখ্যা সমান হয়, তাহলে প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হবে অ্যাসিস্ট। এর পরও সমতা থাকলে কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হবে। এই মুহূর্তে অ্যাসিস্টের হিসেবে মেসির চেয়ে এগিয়ে আসেন এমবাপ্পে।
এদিকে টুর্নামেন্টে মেসি ও এমবাপ্পের মধ্যে যখন গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে, তখন চুপিসারে এ প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কাতার আসরে নিজেকে খুঁজে পাননি। গত বিশ্বকাপে মাত্র দুটি গোল পেয়েছিলেন। এবারের টুর্নামেন্টে দলকে যেন একাই টেনে নিচ্ছেন তিনি। এ পর্যন্ত দলের আট গোলের পাঁচটিই করেছেন ৩২ বছরের এই বায়ার্ন স্ট্রাইকার। এ ছাড়া ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন নরওয়ের ম্যানসিটি তারকা আর্লিং হালান্ডও। ২৫ বছরের এই স্ট্রাইকারের কাঁধে ভর করেই নকআউট পর্বের টিকিট কেটেছে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে।
বিশ্বকাপ টুর্নামেন্টে এখনও কেউ দুবার গোল্ডেন বুট জয়ের রেকর্ড গড়তে পারেননি। এবারের টুর্নামেন্টে এমবাপ্পে ও হ্যারি কেইন নতুন ইতিহাস গড়বেন নাকি প্রথমবারের মতো এই ট্রফি মেসির হাতে উঠবে, সেটা জানতে অপেক্ষা করতে হবে ২০ জুলাই পর্যন্ত।
