ট্রাম্পের ‘ফোনে’ বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত, আইনি পথে যাবে বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৩:৪৭
যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড পরবর্তী নিষেধাজ্ঞা স্থগিত করার নজিরবিহীন সিদ্ধান্তে তীব্র আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে বেলজিয়াম। দেশটির কোচ রুডি গার্সিয়া ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ফিফার সিদ্ধান্তকে উপহাস করে ‘এপ্রিল ফুল’-এর সাথে তুলনা করেন। অন্যদিকে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার বিরুদ্ধে আইনি পথে যাওয়ার ঘোষণা দিয়েছে।
গত বৃহস্পতিবার সান ফ্রান্সিসকোয় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছেন বালোগান। কিন্তু ফিফার ডিসিপ্লিনারি কমিটি ২৭ নম্বর ধারা ব্যবহার করে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে। এর ফলে যুক্তরাষ্ট্রের হয়ে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে তার আর কোনো বাধা নেই।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সিয়াটলে মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রুডি গার্সিয়া বলেন, ‘আমি আসলেই জানতাম না যে, ৫ জুলাই ফিফার ‘এপ্রিল ফুলস ডে’। এটি আমার জন্য সম্পূর্ণ নতুন খবর।’
বালোগানের লাল কার্ড পরবর্তী নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তকে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বকাপ ইতিহাসে এমন সিদ্ধান্ত এটাই প্রথম।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান ও মতামত বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের অফিশিয়াল বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। আমরা ফুটবলকে রক্ষা করার লড়াই করছি।’
বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়ে রোববার এক বিবৃতিতে ফিফা জানায়, ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ম্যাচ নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তটি এক বছরের পর্যবেক্ষণমূলক সময়ের জন্য স্থগিত রাখা হলো।
তবে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করার পর বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে মাঠে নামার অনুমতি পান যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার।
এদিকে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের পর এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সেখানে ফিফার রহস্যজনক সিদ্ধান্তে ‘তীব্র বিস্ময়’ প্রকাশ করেছে তারা। একইসঙ্গে ‘ফেয়ার প্লে’ নিশ্চিত ও সব দলের বৈধ অধিকার রক্ষায় ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার এই সিদ্ধান্তে স্তব্ধ। ফিফা তাদের ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারার দোহাই দিয়ে এই নিষেধাজ্ঞা স্থগিত করেছে। কিন্তু একই কোডের ৬৬.৪ ধারা এবং ২০২৬ বিশ্বকাপ নিয়মের ১০.৫ ধারায় স্পষ্ট বলা আছে, যেকোনো সরাসরি বা দ্বিতীয় হলুদ কার্ডের কারণে পাওয়া লাল কার্ডের জন্য পরবর্তী ম্যাচে অটোমেটিক (স্বয়ংক্রিয়) নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই বিশ্বকাপে এর আগের সব লাল কার্ডের ক্ষেত্রেও তাই হয়েছে।’
এতে আরও উল্লেখ করা হয়, ‘গত মে মাসেও ফিফার এক সার্কুলারে অটোমেটিক নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছিল। ফেয়ার প্লে ধরে রাখতে এবং নিজেদের অধিকার রক্ষায় বেলজিয়াম সব ধরনের আইনি পদক্ষেপ বা বিকল্প উপায় খতিয়ে দেখছে।’
