রেকর্ড ভেঙে ক্লোসার জন্য উপহার পাঠাচ্ছেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১২:৫৮
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন মিরোস্লাভ ক্লোসা। এবারের বিশ্বকাপে সেই রেকর্ডটি নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। জার্মান কিংবদন্তির ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলে বর্তমানে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ২১টি। তবে রেকর্ড হাতছাড়া হলেও কোনো আক্ষেপ নেই ক্লোসার। বরং মেসির গড়া এই কীর্তিতে দারুণ তিনি উচ্ছ্বসিত। এমনকি রেকর্ড ভাঙার পর আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে কথাও হয়েছে তার।
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জার্মানির সাবেক এই স্ট্রাইকার। এ সময় মেসির প্রশংসা করে ক্লোসা বলেন, ‘মেসি এক অবিশ্বাস্য বিস্ময়কর প্রতিভা।’
ক্লোসা জানান, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির উদ্যোগেই মেসির সঙ্গে তার কথা হয়। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাৎসিওতে স্কালোনির সতীর্থ ছিলেন ক্লোসা। তাদের সেই সম্পর্ক এখনও অটুট।
ফোনালাপের কথা জানিয়ে ক্লোসা বলেন, ‘স্কালোনি আমার সতীর্থ ছিল। আমাদের নিয়মিত যোগাযোগ আছে। মেসি আমার বিশ্বকাপের গোলের রেকর্ড স্পর্শ করার পর স্কালোনিই আমাদের মধ্যে এই ফোনালাপের ব্যবস্থা করে দেয়। মুহূর্তটি ছিল খুবই আবেগঘন।’
আবেগঘন সেই ফোনালাপ শুধু শুভেচ্ছা বিনিময়েই শেষ হয়নি। সেই আলাপচারিতায় মেসি তাকে একটি বিশেষ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। ক্লোসা বলেন, ‘সে আমাকে বলেছে, নিজের সই করা একটি জার্সি পাঠাবে।’
২০১৪ বিশ্বকাপজয়ী এই জার্মান তারকা জানান, মাঠে বহুবার দেখা হলেও এবারই প্রথম ফুটবলের বাইরের নানা বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা হয়েছে তাদের। ক্লোসা বলেন, ‘মেসির সঙ্গে মাঝেমধ্যে দেখা হয়েছে, যা সব সময়ই আনন্দদায়ক ছিল। কিন্তু ফুটবলের বাইরে এবারই প্রথম আমরা দীর্ঘ সময় ধরে কথা বললাম।’
এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পর প্রকাশ্যে মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার পর তিনি বলেছিলেন, ‘আমার কাছে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’