ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ছত্রিশের আশায় ফুয়েন্তে

ছত্রিশের আশায় ফুয়েন্তে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১০:৪৬

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বেলজিয়ামকে অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত দল হিসেবে বর্ণনা করেছেন। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ভীষণ কঠিন পরীক্ষা দিতে হবে বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি। স্প্যানিশ এ কোচ ম্যাচটিকে ‘ফাইনাল’ ভেবে খেলার আহ্বান জানিয়েছেন। বেলজিয়ামও মরিয়া হয়েই মাঠে নামছে। তাদের তারকা গোলরক্ষক থিবো কর্তুয়া স্পেনের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।

প্রতিপক্ষ বেলজিয়ামকে বেশ সমীহ দেখিয়েছেন স্পেন কোচ। তিনি তাদের কেবল দুর্দান্ত দলের তকমা দিয়েই ক্ষান্ত হননি, ট্রফির অন্যতম দাবিদার হিসেবেও বর্ণনা করেছেন। তবে প্রতিপক্ষকে সমীহ দেখালেও জয়ের ব্যাপারে আশাবাদী ফুয়েন্তে। তাঁর অধীনে স্পেন দারুণ ফুটবল খেলছে। বলের দখল বজায় রেখে পাসিং ফুটবল খেলার পাশাপাশি লম্বা পাসে আক্রমণে উঠতেও এখন স্প্যানিশদের দেখা যায়। সে সঙ্গে উইং ব্যবহার করেও আক্রমণ করে তারা।

ফুয়েন্তের অধীনে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসেছে স্পেন। স্পেনের এই রেকর্ড যাত্রার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদের ডিফেন্স। বিশ্বকাপে গত ছয় ম্যাচে তাদের জালে কোনো বল যায়নি। দুই বছর আগে তাঁর অধীনেই ইউরো জিতেছে স্পেন। এবারও বিশ্বকাপ জয়ে ফেভারিট তারা।

বেলজিয়ামের শুরুটা অবশ্য তেমন ভালো ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে যেন তাদের নবজন্ম হয়েছে। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ জয়ের পরই কর্তুয়ার মনে হচ্ছে স্পেনকে হারানো অসম্ভব নয়, ‘দলের সবাই উপলব্ধি করছে, এটা (স্পেনকে হারানো) সম্ভব। আমি মনে করি, আমাদের শক্তিশালী একটি স্কোয়াড আছে, যা স্পেনকে মাথায় রাখতে হবে। আমি মনে করি, বিস্ময় উপহার দেওয়া দলগুলোর একটি হতে পারি আমরা। ইউরো চ্যাম্পিয়নদের বিদায় করে দিতে পারাটা অবশ্যই বড় অঘটন হবে। আমাদের সেটা ঘটানোর আত্মবিশ্বাস আছে।’

তবে স্পেনকেই ফেভারিট মানছেন বেলজিয়ান এ গোলরক্ষক, ‘মানুষ আমাদের খেলায় একটু হতাশ ছিল। তবে আমরা সেটা ঠিক করে নিয়েছি। ভালো থেকে আরও ভালো হচ্ছে আমাদের পারফরম্যান্স। অবশ্যই স্পেন ফেভারিট। বলের নিয়ন্ত্রণে তারা দুর্দান্ত এবং বল হারালেও তারা দ্রুত প্রতিপক্ষকে চেপে ধরে।’

রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক ১১ বছর ধরে স্পেনে ক্লাব ফুটবল খেলছেন। তাই তাদের খুব ভালো মতো চেনেন তিনি। 
 

আরও পড়ুন

×