ভিলেন থেকে নায়ক, ওয়েবসাইট খুলে ক্ষমা চাইছেন ভক্তরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১১:১০
হেয়ালি ও কঠোর কোচ হিসেবে খানিকটা ‘দুর্নাম’ আছে বেলজিয়াম কোচ রুডি গার্সিয়ার। দলের কে কত বড় তারকা বা বেলজিয়াম সমর্থকদের চাওয়া-পাওয়া নিয়ে তেমন মাথা ঘামান না ফরাসি এই কোচ। বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা মিসর ও ইরানের বিপক্ষে দলের নড়বড়ে পারফরম্যান্সে সমর্থকদের একটা অংশ ক্ষুব্ধ হয়। ‘জি’ গ্রুপে থাকা রেড ডেভিলস দল টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মিসরের সঙ্গে ১-১ গোলে এবং ইরানের বিপক্ষে গোলশূন্য ড্র করে। বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় থাকা রুডি গার্সিয়ার শিষ্যরা গ্রুপের শেষ ম্যাচে দুর্বল নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা বেলজিয়ামের এবারের আসরের গ্রুপ পর্বে খোলস ছেড়ে বের হতে পারেনি। নকআউট পর্বে ঘুরে দাঁড়ানোর আগে কোচের একের পর এক ‘নির্দয়’ সিদ্ধান্তে বেলজিয়াম সমর্থকরা ক্ষেপে ওঠেন। বিশেষ করে সেনেগালের বিপক্ষে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে। দলের পোস্টার বয় রোমেলু লুকাকুকে একাদশে না রাখার পর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট আগে দুই অভিজ্ঞ খেলোয়াড় কেভিন ডি ব্রুইন ও জেরেমি ডকুকে মাঠ থেকে তুলে নেন। তাদের বদলি হিসেবে টমাস মিউনিয়ের ও লিয়েন্দ্রো ত্রোসার্ড নামের অখ্যাত দুই খেলোয়াড়কে মাঠে নামান তিনি। এতে বেলজিয়াম ভক্তরা ভাবতে শুরু করেন এবার বুঝি সব গেল। ক্ষুব্ধ সমর্থকরা গ্যালারিতেই স্লোগান তোলেন ‘বিদায় হও রুডি’ (গার্সিয়া)। পরের কাহিনী সবারই জানা। রুডির বাজি কাজে দিয়েছিল। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে নেয় রেড ডেভিলস দল।
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের আগ্রাসী প্রতি-আক্রমণে ৪-১ গোলে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্র। ফিফার বদান্যতায় লাল কার্ডের শাস্তি এড়ানো স্ট্রাইকার ফোলারিন বালোগানকে মাঠে নামিয়েও পরাজয় এড়াতে পারেনি টুর্নামেন্টের অন্যতম স্বাগতিকরা। অবশেষে ভুল ভাঙে বেলজিয়ামের ভক্ত-সমর্থকদের। অবশেষে তাদের কাছে ভিলেন থেকে নায়কের মর্যাদা পাচ্ছেন সাবেক এই নাপোলি কোচ।
রুডির কাছে সরাসরি ক্ষমা চাইতে না পেরে একটি ওয়েবসাইট খুলে দলে দলে ক্ষমা ভিক্ষা করছেন রেড ডেভিলস ভক্তরা। যে ওয়েবসাইটের নাম sorryrudi.be (সরিরুডি.বিই)। যেখানে বেলজিয়াম সমর্থকরা রুডিকে আশ্বস্ব করছেন এই বলে– ‘দুঃখিত রুডি। তোমার সামর্থ্য নিয়ে আমরা আর কখনও সংশয় পোষণ করবও না।’
- বিষয় :
- বেলজিয়াম
- ফুটবল বিশ্বকাপ-২০২৬