কোন কৌশলে স্পেনকে হারাতে চায় বেলজিয়াম, জানালেন কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১৫:৫০ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ১৫:৫০
বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষে এবারের আসরের অন্যতম ফেভারিট দল স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম। এই ম্যাচে স্প্যানিশদের হারিয়ে জয় পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী রেড ডেভিলসরা। বেলজিয়াম কোচ রুডি গার্সিয়াও শিষ্যদের নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, লস অ্যাঞ্জেলসে নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেনকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া সম্ভব।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্সিয়া জানান, স্পেন অসাধারণ পারফরম্যান্স করেছে। তবে ইউরোপের শক্তিশালী এই প্রতিপক্ষকেও হারানোর সামর্থ্য তার দলের রয়েছে।
গার্সিয়া বলেন, ‘স্পেন অসাধারণ একটি দল। তারা এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি, যা তাদের শক্তিশালী রক্ষণভাগেরই প্রমাণ। কিন্তু ফুটবলে সবকিছুই সম্ভব। আমরাও বিশ্বাস করি, নিজেদের সেরাটা খেলতে পারলে তাদের হারানো সম্ভব।’
রাউন্ড অব ১৬-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। সেই জয়ের পর দলটির আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান গার্সিয়া। তার ভাষায়, ‘এই জয় আমাদের মানসিকভাবে অনেক শক্তিশালী করেছে। আমরা দেখিয়ে দিয়েছি, বড় ম্যাচে বড় পারফরম্যান্স করার সামর্থ্য আমাদের রয়েছে। আমরা সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাই।’
এদিকে টুর্নামেন্টের শুরু থেকে শক্তিশালী রক্ষণভাগের পাশাপাশি আক্রমণও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছে স্পেন। তবে গার্সিয়া বিশ্বাস করেন, সুশৃঙ্খল পরিকল্পনা এবং কার্যকর পাল্টা আক্রমণ কাজে লাগাতে পারলে স্প্যানিশদের বিপাকে ফেলা সম্ভব।
এ সময় দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে রোমেলু লুকাকুর কথা বিশেষভাবে উল্লেখ করেন রুডি গার্সিয়া। মৌসুমজুড়ে চোট ও ফিটনেস সমস্যায় ভুগলেও বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি গোল করেছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। লুকাকুর প্রশংসা করে বেলজিয়াম কোচ বলেন, ‘লুকাকু সবসময়ই পার্থক্য গড়ে দিতে পারে। সে দলের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র।’
- বিষয় :
- স্পেন
- বেলজিয়াম
- ফুটবল বিশ্বকাপ-২০২৬