ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

‘কে কী ভাবছে তা কানে তুলি না’, কোর্তোয়ার মন্তব্য নিয়ে রোমেরো

‘কে কী ভাবছে তা কানে তুলি না’, কোর্তোয়ার মন্তব্য নিয়ে রোমেরো
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৫:০২

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকলেও বিন্দুমাত্র আত্মতুষ্ট নয় আর্জেন্টিনা। দলের রক্ষণভাগের অন্যতম প্রধান ভরসা ও সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো পরিষ্কার জানিয়েছেন, বিশ্বমঞ্চের এই পর্যায়ে এসে প্রতিপক্ষকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বরং নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে ম্যাচ জেতাই এখন আলবিসেলেস্তেদের প্রধান লক্ষ্য। একই সাথে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়ার করা মন্তব্য নিয়েও জবাব দিয়েছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে বেলজিয়াম। ম্যাচের পর কোর্তোয়া বলেছেন, স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দলই এবার বিশ্বচ্যাম্পিয়ন হবে। অর্থাৎ, আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারবে না বলেই ইঙ্গিত দিয়েছিলেন এই বেলজিয়ান কিপার।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোর্তোয়ার এই মন্তব্যের জবাব দিয়ে রোমেরো বলেন, ‘আমরা আগামীকালের ম্যাচের দিকে মনোনিবেশ করছি, এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে এবং কোনো খেলোয়াড় কী ভাবছে তা আমরা কান দিয়ে শুনি না। প্রত্যেকের নিজস্ব মতামত ও নিজস্ব চিন্তাভাবনা রয়েছে, তবে আমাদের পুরো মনোযোগ আগামীকালের খেলায়।’

মিসরের বিপক্ষে শেষ ষোলোর রোমাঞ্চকর ৩-২ জয়ে গোল করা রোমেরো বলেন, ‘আমরা কখনোই প্রতিপক্ষের দিকে তাকিয়ে থাকি না। আমাদের প্রথম কাজ হলো নিজেদের উন্নতি করা এবং আগের ম্যাচের ভুলগুলো ঠিক করা। বিশ্বকাপের এই পর্যায়ে প্রতিটি দলই কঠিন।’

রোমেরোর মতে, নকআউট পর্বে কোনো ম্যাচই সহজ নয়। তাই সুইজারল্যান্ডকে পূর্ণ সম্মান দিয়েই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তিনি বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি সুইজারল্যান্ড কতটা শক্তিশালী দল। তারা এখানে কোনো ভাগ্যের জোরে আসেনি, যোগ্য দল হিসেবেই এসেছে। তাদের হারাতে হলে আমাদের সেরাটাই খেলতে হবে।’

আরও পড়ুন

×