ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

সুইজারল্যান্ডকে হারিয়ে স্কালোনি বললেন, ‘আরও ভালো খেলতে পারতাম’

সুইজারল্যান্ডকে হারিয়ে স্কালোনি বললেন, ‘আরও ভালো খেলতে পারতাম’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১১:৫১

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। অতিরিক্ত সময়ে সুইসদের ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালের টিকিট পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি আর্জেন্টিনা। তবু শেষ পর্যন্ত জয় পাওয়ায় খুশি স্কালোনি। একইসঙ্গে টানা দুই বিশ্বকাপে সেমিফাইনালের ওঠা ‘ঐতিহাসিক অর্জন’ বলেও উল্লেখ করেছেন তিনি।

ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্কালোনি বলেন, ‘আমাদের আজকে ভুগতে হয়েছে। আমরা জানতাম তারা শারীরিক ফুটবল খেলে অভ্যস্ত। তারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল, এবং সেসব পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আমাদের কষ্ট করতে হয়েছে।’

ব্রিল এম্বোলোর লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলেও স্বীকার করেছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘ভাগ্য আমাদের পাশে ছিল। তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখলো, তখন থেকেই আমরা আক্রমণে যাওয়া শুরু করলাম।’

এ সময় দলের আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলেও স্বীকার করেন স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেন, ‘আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। আমাদের আরও অনেক উন্নতির দরকার। তবে শেষ পর্যন্ত জয়ের আনন্দ সবসময়ই বিশেষ।’

দলের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা থাকলেও খেলোয়াড়দের অর্জনে গর্বিত দেশটির এই বিশ্বকাপজয়ী কোচ। তার ভাষ্য, ‘এই দল যা অর্জন করেছে তা ঐতিহাসিক। হ্যাঁ, আমরা আরও ভালো খেলতে পারতাম, তবে আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারা অবশ্যই ঐতিহাসিক অর্জন।’

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে এখনই সেই ম্যাচ নিয়ে ভাবতে চান না স্কালোনি। তিনি বলেন, ‘আমরা এমন একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি যারা দারুণ ফুটবল খেলছে এবং দারুণ একজন কোচও তাদের আছে। তবে এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে দরকারি হলো এই ম্যাচের ধকল কাটিয়ে ওঠা।’ 

 

আরও পড়ুন

×