ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত টুখেল

চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত টুখেল
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১১:০৭

কোচ টমাস টুখেলকে গত বছর যখন ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়, তখন একটা দিকেই লক্ষ্য নিবদ্ধ রাখতে বলা হয়েছিল; সেটা হলো বিশ্বকাপ। এখন পর্যন্ত চ্যালেঞ্জ জয়ের পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন থ্রি লায়ন্স দলের এই জার্মান কোচ। ডাগআউটে নেতৃত্ব দিয়ে এরই মধ্যে দলকে টুর্নামেন্টের সেমিফাইনালে তুলে এনেছেন। ফাইনালের টিকিট পেতে টুখেলের শিষ্যদের পেরোতে হবে মেসিদের আর্জেন্টিনা বাধা। যেটা এখন পর্যন্ত এই কোচের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে বিশ্বকাপে অনেক শক্ত চ্যালেঞ্জই সাফল্যের সঙ্গে উতরে যেতে পেরেছেন টুখেল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় ইংল্যান্ড। যে ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে নিজেদের সামর্থ্যের জানান দেয় থ্রি লায়ন্সরা। গ্রুপ পর্বে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র ও পানামার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে তারা। এরপর নকআউট পর্বে কঙ্গো, মেক্সিকো ও নরওয়েকে পেছনে ফেলে শীর্ষে চারে জায়গা করে নেন হ্যারি কেইন, বেলিংহামরা। এসব ম্যাচের সবগুলোই ছিল শক্ত প্রতিপক্ষের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।

আর্জেন্টিনা ম্যাচটি টুখেলের জন্য বড় পরীক্ষা হলেও ক্যারিয়ারের এ রকম বহু চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গেই সামলেছেন ৫২ বছর বয়সী এই কোচ। জাতীয় দলের কোচ হিসেবে ইংল্যান্ডই তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হলেও ক্লাব ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখ, চেলসি, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), বরুশিয়া ডর্টমুন্ডের মতো উঁচু স্তরের দলগুলো পরিচালনার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তাঁর নেতৃত্বে পিএসজি ও বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা জিতেছে। এ ছাড়া ২০২১ সালে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছিলেন। সে কারণে আর্জেন্টিনাকে আটকানোর কাজটা তাঁর জন্য অত কঠিন কিছু নয়। থ্রি লায়ন্সদের কোচ হিসেবে এখন পর্যন্ত বেশ সাফল্যই দেখিয়েছেন তিনি। ডাগআউটে ২০ ম্যাচ নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডকে ১৬টি জয় এনে দিয়েছেন, হেরেছেন মাত্র দুটিতে। খেলোয়াড়দের মধ্যেও টিম স্পিরিট জাগিয়ে তুলতে পেরেছেন। যেটাকে হ্যারি কেইনরা বলছেন ‘ব্রাদারহুড’ বা ভ্রাতৃত্ববন্ধন। এ ছাড়া দলের প্রয়োজনে শক্ত সিদ্ধান্ত নিতেও সিদ্ধহস্ত টুখেল। বিশ্বকাপের দল নির্বাচনেই যেটা দেখা গেছে। দলে কোল পালমার ও ট্রেন্ট আলেকজান্ডার অ্যার্নল্ডের মতো তারকাদের জায়গা দেননি তিনি।

ক্যারিয়ারে বড় শিরোপার মধ্যে একমাত্র বিশ্বকাপ জয়ই অপূর্ণ রয়েছে টুখেলের। ১৯৬৬ সালের পর ইংল্যান্ডের জার্সিতে দ্বিতীয় ‘স্টার’ যোগ করেই ক্যারিয়ারের এভারেস্টের চূড়ায় পা রাখতে চান এই জার্মান কোচ। যে ‘স্টার’ জয় থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে দাঁড়িয়ে টুখেল। আজ রাতে আর্জেন্টিনা বাধা পেরোতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্রান্স বা স্পেনের মুখোমুখি হবেন টুখেলের শিষ্যরা। 

আরও পড়ুন

×