ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১২:২১ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১২:৪৭

সেমিফাইনালে ইউরোপের ফুটবল পরাশক্তি স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স। স্প্যানিশদের কাছে পরাজয়ের মূল কারণ হিসেবে মাঝমাঠের ব্যর্থতাকেই চিহ্নিত করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তিনি মনে করেন, কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার পাশাপাশি মাঝমাঠে স্পেনের আধিপত্যই ফ্রান্সের হারের কারণ।

ডালাসে ম্যাচ শেষে ফরাসি ব্রডকাস্টার এমসিক্স-এর সঙ্গে আলাপকালে এমবাপ্পে জানান, স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার সহজাত ক্ষমতাকে রুখতে ফরাসিদের পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়েছে।

এমবাপ্পে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল মাঠের ওপরের দিকে ওদের চেপে ধরা, যেন ওরা নিজেদের নিয়ন্ত্রণে ধীরগতির ছন্দ তৈরি করতে না পারে। কারণ খেলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। আর এই কাজটাই আমরা করতে পারিনি।’

এদিন মাঝমাঠে ফ্রান্সের আদ্রিয়েন রাবিও ও অহেলিয়াঁ চুয়ামেনির জুটি স্পেনের রদ্রি, দানি ওলমো আর ফাবিয়ান রুইসের ত্রয়ীর কাছে পুরোপুরি পরাস্ত হয়েছে। এমবাপ্পে বলেন, ‘মাঝমাঠে আমরা বারবার তিনজনের বিরুদ্ধে দুজন হয়ে পড়ছিলাম। স্পেনের মতো দলের সঙ্গে এমনটা হওয়া মানেই বড় বিপদ। সব মিলিয়ে এই ভুলের চড়া মূল্য দিতে হয়েছে হারের মাধ্যমে। এটা সত্যিই এক বিশাল হতাশা।’

ফ্রান্স অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে হতাশার পাল্লাটা বড্ড ভারী। আমি ও আমার দল যে কতটা হতাশ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু ফুটবল কারও জন্য অপেক্ষা করে না।’

একইসঙ্গে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চান এমবাপ্পে। সবকিছু পেছেনে ফেলে শুরু করতে চান আবার নতুন করে। রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা বলেন, ‘আমাদের এখন এই ধাক্কা সামলে উঠতে হব। ছুটিতে যেতে হবে এবং জীবনের পরের অধ্যায়ে মনোযোগ দিতে হবে। এই ব্যর্থতা পেছনে ফেলে আমাদের নতুন করে শুরু করতে হবে এবং এই ভুল থেকে শিক্ষা নিতে হবে।’

আরও পড়ুন

×