ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

অতীতের বৈরিতা ভুলে আর্জেন্টিনা ম্যাচেই মনোযোগ টুখেলের

অতীতের বৈরিতা ভুলে আর্জেন্টিনা ম্যাচেই মনোযোগ টুখেলের
×

ইংল্যান্ড কোচ টমাস টুখেল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৩:২৪ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৩:৫৭

আজ বাংলাদেশ সময় রাত ১টায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে ম্যাচের আগে দুই দলের অতীতের বৈরিতাকে গুরুত্ব দিতে রাজি নন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তার মতে, সেমিফাইনালের মতো একটি ম্যাচ নিজেই যথেষ্ট বড় অনুপ্রেরণা।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমি বলতেই পারতাম ইতিহাস এখন অপ্রাসঙ্গিক। কিন্তু পুরোপুরি তা বলব না। দুই দেশের ফুটবল ঐতিহ্য এবং এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে খেলোয়াড়রা জানে। এত আইকনিক মুহূর্তের জন্ম দেওয়া একটি ম্যাচকে সাধারণ ম্যাচ বলা যায় না।’

তবে প্রস্তুতির ক্ষেত্রে অতীত নয়, বর্তমানেই মনোযোগ দিচ্ছে ইংল্যান্ড। টুখেলের ভাষায়, ‘আমরা শুধু যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে, সেটাতেই মনোযোগ দিচ্ছি। পুরোনো ইতিহাস বা আইকনিক মুহূর্ত নিয়ে আমরা আলোচনা করছি না। এই ম্যাচ নিজেই যথেষ্ট বড়।’

১৯৬৬ সালের পর ইংল্যান্ড আর বিশ্বকাপ জিততে পারেনি। তবে দীর্ঘ অপেক্ষার চাপ দল অনুভব করছে না বলেই দাবি টুখেলের। তিনি বলেন, ‘আমি কোনো বোঝা অনুভব করছি না। অবশ্যই ম্যাচের সময় কিছুটা স্নায়ুচাপ থাকবে, যা এমন ম্যাচে স্বাভাবিক।’

দুই দলের ঐতিহ্য নিয়েও কথা বলেন ইংলিশ কোচ, ‘ইংল্যান্ড ও আর্জেন্টিনার জার্সি, দুটিই আইকনিক। এই দুই দলের ম্যাচের ইতিহাসও অসাধারণ। তাই এটি বিশেষ একটি উপলক্ষ, কিন্তু অতীতকে সামনে এনে ম্যাচটিকে আরও বড় করার প্রয়োজন দেখি না।’

বিশ্বকাপ জিতে প্রথম বিদেশি কোচ হিসেবে ইতিহাস গড়ার সম্ভাবনা নিয়েও ভাবছেন না টুখেল। তার মতে, ‘আমি রেকর্ড নিয়ে ভাবি না। বিশ্বকাপের সৌন্দর্য হলো, এটি একটি দেশকে একত্র করে, মানুষকে আনন্দ দেয় এবং কিছু সময়ের জন্য সব দুশ্চিন্তা ভুলিয়ে রাখে।’

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকেও যথেষ্ট সমীহ করছেন ইংল্যান্ড কোচ। তিনি বলেন, ‘মেসির পায়ে বল থাকলেই খেলার গতি বদলে যায়। তার টেকনিক্যাল দক্ষতা সর্বোচ্চ পর্যায়ের। তাই তাকে নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে আমরা নিজেদের ফুটবল খেলতেই মাঠে নামব।’

আরও পড়ুন

×