ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মেসি-ইয়ামালদের ফাইনালে দায়িত্ব পাওয়া কে এই রেফারি?

মেসি-ইয়ামালদের ফাইনালে দায়িত্ব পাওয়া কে এই রেফারি?
×

স্লাভকো ভিনচিচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১১:১৪

২০২৬ বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালের মঞ্চ প্রস্তুত। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফুটবল বিশ্বের নজর থাকবে দুই দলের তারকাদের দিকে, তবে সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন মাঠের আরেক কেন্দ্রীয় চরিত্র, সেটি ম্যাচ রেফারি।

এই মহারণ পরিচালনার জন্য স্লোভেনিয়ার ৪৬ বছর বয়সী অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচকে দায়িত্ব দিয়েছে ফিফা। দীর্ঘদিন ধরে ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করা ভিনচিচের ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে আরেকটি বড় মাইলফলক।

ফিফার ঘোষিত ম্যাচ কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, ভিনচিচকে সহায়তা করবেন তারই স্বদেশি সহকারী রেফারি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী হিসেবে থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়া ভিনচিচ গত দেড় দশকে ইউরোপের সবচেয়ে নির্ভরযোগ্য রেফারিদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও পরিচালনা করেন তিনি।

২০২২ কাতার বিশ্বকাপে অভিষেকের পর এবারও বিশ্বকাপে দায়িত্ব পালন করছেন ভিনচিচ। চলতি আসরে তিনি ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া এবং শেষ বত্রিশে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ।

ভিনচিচের সঙ্গে আর্জেন্টিনার পরিচয় নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার আলোচিত গ্রুপ ম্যাচটিও পরিচালনা করেছিলেন তিনিই। সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরে ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড হারিয়েছিল লিওনেল মেসির দল। ওই ম্যাচে মেসির একমাত্র গোলটি আসে ভিনচিচের দেওয়া পেনাল্টি থেকে। পাশাপাশি সৌদি আরবের ছয় ফুটবলারকে হলুদ কার্ড দেখালেও আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কে কার্ড দেখাননি তিনি।

স্পেনের সঙ্গেও ভিনচিচের রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের অভিজ্ঞতা। ২০১৭ সাল থেকে শুরু করে ইউরো এবং উয়েফা নেশন্স লিগেও একাধিক স্প্যানিশ ম্যাচ পরিচালনা করেছেন তিনি। বিশেষ করে ইউরো ২০২৪-এ ইতালির বিপক্ষে ১-০ এবং ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে স্পেনের জয়ের ম্যাচেও দায়িত্বে ছিলেন এই স্লোভেনিয়ান রেফারি। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচেই লামিনে ইয়ামালের দুর্দান্ত দূরপাল্লার গোল ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছিল।

আরও পড়ুন

×