লাউতারো বললেন, ‘এমন গোলের স্বপ্নই আমি দেখেছি’
আহসান হাবিব সম্রাট
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১১:৫৪
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আর সেটি যদি হয় বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই, সেই ম্যাচের মাহাত্ম্য সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। দুই দলের ভক্ত-সমর্থকদের বিপুল প্রত্যাশায় খেলোয়াড়দের ওপর ভর করে আলাদা স্নায়ুচাপ। এমন ম্যাচে গোল করে জয় ছিনিয়ে আনতে পারলে জাতীয় বীরের সম্মান জোটে। সেটি ভালো করেই জানতেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের যোগ করা সময়ে গোল করে আর্জেন্টিনাকে ফাইনালের টিকিট পাইয়ে দেওয়া ইন্টার মিলান তারকা মার্তিনেজ জানালেন, এই গোলটা তাঁর কাছে স্বপ্নের মতো বিষয়।
আটলান্টার মার্সিডেজ বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে পিছিয়ে পড়া থাকা অবস্থায় ম্যাচের ৮১ মিনিটে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে তুলে নিয়ে মার্তিনেজকে মাঠে নামান। উদ্দেশ্য, আলবিসেলেস্তে দলের আক্রমণে গতি বৃদ্ধি করা। ম্যাচের অন্তিম মুহূর্তে আক্রমণের ঢেউ গড়ে ইংল্যান্ডকে কোণঠাসা করা আর্জেন্টিনা ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে ১-১-এ সমতায় ফেরে। আর ম্যাচের যোগ করা সময়েই দুই মিনিটের মাথায় মেসির ক্রসে দুর্দান্ত হেডে ইংল্যান্ডের জাল কাঁপিয়ে কোচের আস্থার প্রতিদান দেন মার্তিনেজ। জয়সূচক এ গোলের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জেতেন ২৮ বছর বয়সী এই ইন্টার তারকা।
ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘এমন গোলের স্বপ্নই দেখেছি আমি। মাঠে নামার সময় সতীর্থ অ্যালেক্সিসকে (ম্যাক অ্যালিস্টার) আমি বলেছিলাম, ম্যাচে আমি গোল করতে যাচ্ছি। আর সাইড বেঞ্চে বসে থাকার সময় আমি ফাকুন্দো মেদিনাকেও (রক্ষণভাগ খেলোয়াড়) একই কথা বলেছি যে, গোল করতে আমাকেই মাঠে নামতে হবে।’
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মার্তিনেজের গোলটিই ম্যাচের ফলাফল গড়ে দেয়। সংবাদ সম্মেলনে আবেগময়ী হয়ে ওঠা মার্তিনেজ বলেন, ‘যখন আমার বাবা আমাকে প্রথম এক জোড়া বুট কিনে দিয়েছিলেন তখন থেকেই আমি এই গোলের স্বপ্ন দেখে আসছি।’
২০১৮ সাল থেকে আর্জেন্টিনা দলের নিয়মিত মুখ মার্তিনেজের গোল করার বিষয়ে সুনাম রয়েছে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে শেষ বাঁশি বাজার আগে দলকে গোল উপহার দিয়েছিরেন মার্তিনেজ। যে ম্যাচটিতে ৩-১ গোলে কোচ মুরাত ইয়াকিনের শিষ্যদের পেছনে ফেলে সেমিফাইনালে জায়গা করে নেয় টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
রোববার নিউইয়র্কের নিজ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ম্যাচটি খুবই কঠিন হবে বলে মনে করছেন মার্তিনেজ,‘ (ফাইনালে) আমরা একটি শীর্ষ স্থানীয় দলের মুখোমুখি হতে যাচ্ছি, যে দলটি ৩৮ ম্যাচে অপরাজিত রয়েছে এবং যে দলটিতে অনেক তারকা ফুটবলার রয়েছে।’
তিনি যোগ করেন, ‘আমাদের এখন কিছুটা বিশ্রামের প্রয়োজন কিন্তু এরপরও সবকিছু আমরা উপভোগ করছি।’