নেভিলকে কেন নির্বোধ বললেন রোমেরো?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১২:৪৬
বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সে আক্রমণভাগের পাশাপাশি দলের রক্ষণভাগও দারুণ ভূমিকা রাখছে। সেমিফাইনাল পর্যন্ত টুর্নামেন্টের সাত ম্যাচে আলবিসেলেস্তেরা প্রতিপক্ষকে ১৯ গোল দিয়ে হজম করেছে মাত্র সাত গোল। তার পরও তাদের নিয়ে কেউ কেউ সমালোচনার চেষ্টা করছেন। বিশেষ করে, আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম দুই স্তম্ভ ক্রিশ্চিয়ানো রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে নিয়ে কটু মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ও টিভি আলোচক গ্যারি নেভিল।
ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে রোমেরো ও লিসান্দ্রোর মধ্যকার জুটিকে ‘বিশ্বের সবচেয়ে ভালো ও সবচেয়ে বাজে ডিফেন্ডার জুটি’ বলে মন্তব্য করেন নেভিল। বিষয়টি টটেনহ্যাম হটস্পার সেন্টার ব্যাক রোমেরোর কানে গেলে তিনি নেভিলকে ‘নির্বোধ’ বলে অভিহিত করেন।
বিশ্বকাপের মাত্র একটি ম্যাচ বাদে আর্জেন্টিনার একাদশে নিয়মিত ছিলেন রোমেরো ও লিসান্দ্রো। দলকে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে তুলতে দারুণ অবদান রেখেছেন ২৮ বছরের এই দুই ডিফেন্ডার। টুর্নামেন্টে যে ছয় ম্যাচ তারা একত্রে খেলেছেন, তার দুটিতে আর্জেন্টিনা গোল হজম করেনি।
ম্যাচ শেষে ডি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ ধারাভাষ্যকার নেভিলের মন্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে রোমেরো বলেন, ‘আমি যে জিনিসটি আশা করি, সেটা হচ্ছে যখন আমি অবসরে যাব আমাকে কেউ নির্বোধ বলবে না। আমি কোনো খেলোয়াড় অথবা অন্য কারও সমালোচনা করতে চাই না। কারণ দিন শেষে আমরা (খেলোয়াড়রা) জাতীয় দলের জন্য নিজেদের সেরাটাই নিংড়ে দেই। কখনও সবকিছু আমাদের প্রত্যাশামতো হয়, আবার কখনও পারফরম্যান্স প্রত্যাশামতো হয় না। কিন্তু আমরা দলকে আবার বিশ্বকাপের ফাইনালে তুলতে পেরে আনন্দিত।’
টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার বলেন, ‘আমরা মনে হয়, আমরা ইতিহাস গড়েছি। আমাদের জন্য আবার বিশ্বকাপের ফাইনালে যাওয়াটা বিশাল কিছু। এ কারণে আমরা অন্য যে কারও চেয়ে আমাদের জার্সির (আর্জেন্টিনা) গুরুত্ব বুঝতে পারি।’