গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১১:১৯ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১২:৫৮
এক জীবনে ফুটবল পায়ে যা যা করা সম্ভব, তার সবই করেছেন লিওনেল মেসি। যত পুরস্কার আর ট্রফি জিততে পারতেন তাও জায়গা করে নিয়েছে তার ট্রফি ক্যাবিনেটে। তবে একটি জায়গা এখনও ফাঁকা রয়ে গেছে—বিশ্বকাপের গোল্ডেন বুট। বিশ্বকাপ শিরোপা, গোল্ডেন বল জিতেলেও এখনও ধরা দেয়নি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি।
এবারের বিশ্বকাপে সেই আক্ষেপটা ঘোচানোর সুযোগ ছিল মেসির সামনে। তবে টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন অধিনায়কের সামনে বাধার দেয়াল তুলে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
রোববার রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের দেখা পেয়েছেন এমবাপ্পে। আর তাতে মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার উপরে উঠে এসেছেন ফরাসি অধিনায়ক। এবারের আসরে ফরাসি ফরোয়ার্ডের গোলসংখ্যা ১০টি। আর স্পেনের বিপক্ষে ফাইনালের মহারণে মাঠে নামার আগে মেসির ঝুলিতে রয়েছে ৮টি গোল।
বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচে গোল করে এমবাপ্পেকে টপকে যাওয়ার সুযোগ আছে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।
তবে এমবাপ্পেকে পেছনে ফেলার কাজটা ততটাও সহজ নয়। কারণ, স্পেনের বিপক্ষে ফাইনালে মেসিকে দুটি গোল করলেও হবে না। গোলসংখ্যা সমান হলেও এগিয়ে থাকবেন এমবাপ্পে। দুজনেরই অ্যাসিস্ট সমান ৪টি করে।
সে ক্ষেত্রে বিবেচনায় আসবে কে কতক্ষণ খেলেছেন সেই হিসাব। সেখানেও সুবিধাজনক অবস্থানে থাকছেন এমবাপ্পে। ফরাসি তারকা খেলেছেন ৭৬৯ মিনিট। মেসি এখন পর্যন্ত খেলেছেন ৭১২ মিনিট। অর্থাৎ, স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি মাত্র ৫৮ মিনিট মাঠে থাকলেও এমবাপ্পের চেয়ে মাঠে কাটানো সময় বেশি হয়ে যাবে। গোল ও অ্যাসিস্ট সমান হলে গোল্ডেন বুটের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে, কে মাঠে কম সময় খেলেছেন।
এমন অবস্থায় গোল্ডেন বুট জিততে হলে মেসির সামনে মূলত তিনটি পথ খোলা রয়েছে। প্রথমত, স্পেনের বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করা। তখন এমবাপ্পেকে ছাড়িয়ে মেসির গোলসংখ্যা হবে ১১টি। দ্বিতীয়ত, দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করা। সেক্ষেত্রে মেসির গোল হবে ১০টি, আর অ্যাসিস্ট হবে ৫টি। অ্যাসিস্টের হিসেবে এমবাপ্পেকে ছাড়িয়ে যাবেন তিনি।
তৃতীয়ত, ৫৭ মিনিটের মধ্যেই দুটি গোল করে আর্জেন্টাইন অধিনায়ককে মাঠ ছাড়তে হবে। তখন গোল ও অ্যাসিস্ট সমান থাকলেও এমবাপ্পের চেয়ে কম সময় খেলার সুবাদে গোল্ডেন বুট যাবে মেসির ট্রফি ক্যাবিনেটে।