বিশ্বকাপে প্রশ্নবিদ্ধ রেফারিং
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১১:৪০
বিশ্বকাপের চোখ ধাঁধানো কোনো গোল, টানটান উত্তেজনায় অজান্তে নখ কাটার মুহূর্ত কিংবা দুর্দান্ত কোনো কামব্যাক ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্মৃতি হিসেবে গেঁথে যাবে বিতর্কিত কোনো ঘটনাও। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে কাউন্সিল অব ইউরোপের মহাসচিব আলাঁ বেরসে যেমন এক খোলা চিঠিতে লিখেছেন, ‘উৎসবের এই আলো আজ নিভে যাবে ঠিকই, কিন্তু কিছু প্রশ্ন রয়ে যাবে।’
বিতর্কিত ওই প্রশ্নগুচ্ছে আলাঁ বেরসে রেফারিংয়ের পাশাপাশি বর্ণবাদ, রাজনৈতিক বিদ্বেষ, ফিফার অর্থ-ক্ষমতার লোভ এবং বালোগানের লাল কার্ড প্রত্যাহারের মতো ন্যক্কারজনক ঘটনার উদাহরণ টেনেছেন। তবে মূল বিতর্কটা মাঠের রেফারিং এবং প্রযুক্তিকে (ভিএআর) বিতর্কিত রেফারিংয়ের ঢাল বানানো নিয়েই। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন সব সিদ্ধান্ত এসেছে, যা নিয়ে সাবেক ফুটবলার, অভিজ্ঞ কোচ কিংবা ফুটবল বিশ্লেষকরা একমত করতে পারেনি। প্রকাশ্য সমালোচনা করেছেন বিশ্বকাপে অংশ নেওয়া কোচ-খেলোয়াড়রা।
প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির ডিফেন্ডার জোনাথন তাহয়ের বাতিল হওয়া গোলটি কম বিতর্ক ছড়ায়নি। অভিজ্ঞ কোচ জার্গেন ক্লপ যেমন বলেছেন, তাহয়ের গোল বাতিলের নিয়ম প্রিমিয়ার লিগে থাকলে আর্সেনাল এবার শিরোপা জিতত না।
আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পরও পরাজিত হওয়া মিসরের কোচ হোসাম হাসানের অভিযোগ, ম্যাচটি ছিনতাই করা হয়েছে। তিনি ফিফার শাস্তির চোখরাঙানি উপেক্ষা করে দুই হাত দিয়ে ‘ক্রস’ ইঙ্গিতে প্রতিবাদও জানান।
বিশ্বকাপে বিতর্কিত রেফারিংয়ের বেশ কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাওয়ায় অভিযোগ উঠেছে। রাখঢাক ছাড়া রেফারিং নিয়ে প্রশ্নগুলো ইন্টারনেটের গতির সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেছে।
সমালোচকদের মতে, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই মেসির লাল কার্ড পাওয়া উচিত ছিল। রেফারি তা এড়িয়ে গিয়ে মেসিকে হ্যাটট্রিক করার সুযোগ দিয়েছেন। আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আবার পিছিয়ে পড়া সুইজারল্যান্ড সমতায় ফিরতেই স্ট্রাইকার বেরেল এমবোলোকে লাল কার্ড দেওয়া হয়েছে। ট্যাকল থেকে ভিনিসিয়ুস বল পুনরুদ্ধার করলেও ফাউল ডেকে হ্যাটট্রিক বঞ্চিত করা হয়েছে, একই প্রেক্ষাপটে মেসির ক্ষেত্রে দেওয়া হয়েছে গোল।
এর বাইরেও আছে নানা প্রশ্ন। মিসরের বিপক্ষে যেমন ইরান ৯৩ মিনিটে জালে বল পাঠিয়ে নকআউটের উল্লাসে মেতেছিল। কিন্তু ভিএআর টুর্নামেন্টের সবচেয়ে বিতর্কিত অফসাইড ডেকে তা বাতিল করা হয়েছে।
- বিষয় :
- রেফারি
- আর্জেন্টিনা
- মিসর
- ফুটবল বিশ্বকাপ-২০২৬