ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৩:১৩

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে এই সিরিজ দিয়েই দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড এবং তারকা অফ-স্পিনার নাথান লায়ন।

পিঠের চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকা অধিনায়ক প্যাট কামিন্স দলের নেতৃত্ব সামলাবেন। দীর্ঘ ইনজুরি কাটিয়ে লায়ন ও হ্যাজলউডের ফেরাতে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞ। এই তিন বোলারের প্রত্যাবর্তনে ঘরের মাঠে বাংলাদেশকে চাপে ফেলার ছক সাজাচ্ছে স্বাগতিকরা। তবে মূল স্কোয়াডে জায়গা হয়নি পেসার মাইকেল নেসারের, তিনি থাকছেন স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিতে অস্ট্রেলিয়া মরিয়া। অন্যদিকে বিদেশের মাটিতে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।

আরও পড়ুন

×