ইংল্যান্ডের কোচ হওয়ার স্বপ্ন স্টোকসের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১২:৫৬
গত জুনে নিউজিল্যান্ড সফরে সতীর্থ গাস অ্যাটকিনসনের সঙ্গে নাইট ক্লাবে গিয়েছিলেন বেন স্টোকস। শৃঙ্খলা ভাঙায় কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন এ অলরাউন্ডার। ব্ল্যাক ক্যাপসদের কাছে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব শুধু ছেড়ে দেননি; আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নেন স্টোকস। অবসর ভেঙে পুনরায় ক্রিকেটে ফেরার সম্ভাবনা নাকচ করেছেন তিনি। তবে ভবিষ্যতে ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন দেখছেন এ অলরাউন্ডার।
অতীতে একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েও আবার ফিরেছিলেন। সেটি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য। তাই তো ইংল্যান্ড দলের পরিচালক রব কি গত সপ্তাহেও বলেছিলেন, স্টোকস টেস্টে ফিরলে তিনি অবাক হবেন না। কিন্তু ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে কথা বলার সময় ৩৫ বছর বয়সী স্টোকস জানিয়ে দেন, টেস্ট অঙ্গনে তাঁর ফেরার কোনো সম্ভাবনা নেই। ইংল্যান্ডের কোচ হওয়ার প্রশ্নে ইতিবাচক স্টোকস, ‘খেলোয়াড় থাকা অবস্থাতেই আমি আমার লেভেল থ্রি কোচিং সম্পন্ন করছি। কারণ, খেলা ছাড়ার দিনটি যখন আসবে, তখন আমি এ-সংক্রান্ত সবকিছু আগে থেকেই চূড়ান্ত ও প্রস্তুত রাখতে চাই। খেলাধুলার মধ্যে থাকার বিষয়ে আমার পরিকল্পনা নিয়ে আমি পরিষ্কার– তা হলো কোচ হওয়া। আর ভবিষ্যতে কোনো একদিন আমি ইংল্যান্ডের কোচ হতে চাইব? অবশ্যই। খেলা থেকে দূরে থাকলেও কোনো ধরনের নেতৃত্ব দেওয়ার এই ধারণা আমার সত্যিই পছন্দ।’
স্টোকসের বিদায়ের পর জো রুটকে পুনরায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সহ-অধিনায়কের দায়িত্বে থাকা হ্যারি ব্রুককে বিবেচনা করা হয়নি। স্টোকস ব্রুককে সমর্থন জানালেও নিউজিল্যান্ডে এক ওডিআই ম্যাচের কয়েক ঘণ্টা আগে নাইট ক্লাবের সেই ঘটনায় যুক্ত থাকা ব্রুকের ওপরও বেশ প্রভাব ফেলেছে। তবে ব্রুককে কেন এড়িয়ে যাওয়া হলো, তা নিয়ে স্টোকস এখনও বিস্মিত, ‘আপনি যদি কাউকে একজন ভালো অধিনায়ক বা নেতা মনে করেন, তবে সরাসরি তাঁর হাতে দায়িত্বটা দিয়ে দিন। আমি যখন সেই টেস্ট মিস করেছিলাম, তখনও ভেবেছিলাম– ব্রুকি কেন অধিনায়ক হচ্ছে না? সে তো সহ-অধিনায়ক। তাদের যুক্তিগুলো আমি বুঝতে পেরেছিলাম ঠিকই, কিন্তু তারপরও মনে হয়েছিল– এর মাধ্যমে ব্রুককে কী বার্তা দেওয়া হচ্ছে? সে সহ-অধিনায়ক থাকা সত্ত্বেও অধিনায়ক খেলতে না পারায় তাঁকে নেতৃত্ব দেওয়া হলো না– বিষয়টি অদ্ভুত। অথচ যখন আমি দায়িত্ব পাই, তখন আমার নেতৃত্বের বা অধিনায়কত্বের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না।’
- বিষয় :
- বেন স্টোকস
- ইংল্যান্ড