বাবার মৃত্যুর পর আর্জেন্টিনাতেই থাকছেন মেসি, মায়ামিতে ফেরার তারিখ অনিশ্চিত
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ২০:২০
বাবার মৃত্যুর পর আর্জেন্টিনায় অবস্থান করছেন ফুটবল তারকা লিওনেল মেসি। আপাতত সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা। ক্লাবে কবে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি।
আর্জেন্টিনার ফুটবলভিত্তিক ওয়েবসাইট মুনদো আলবিসেলেস্তে এ তথ্য জানিয়েছে। ওয়েবসাইটি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলসংক্রান্ত সংবাদ প্রকাশ করে।
ডবল আমেরিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী এই ফুটবলার আপাতত আর্জেন্টিনাতেই থাকবেন। ইন্টার মায়ামিতে তার ফেরার কোনো নির্ধারিত তারিখও নেই। ক্লাবটিতে তার ফেরার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

গত শুক্রবার (৭ আগস্ট) রাতে পিতার মৃত্যুসংবাদ পেয়ে শনিবার রাতেই স্ত্রী রোকুজ্জো আন্তোনেলা ও সন্তানদের নিয়ে রোজারিওতে পৌঁছান মেসি। তার বাবা হোর্হে মেসি দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর দেশটির স্থানীয় সময় গত শুক্রবার রাতে রোজারিওর একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন। রোজারিওর উপকণ্ঠে পেরেজ শহরের ‘এল প্রাদো’ সিমেট্রিতে ৬৮ বছর বয়সী হোর্হে মেসিকে গত রোববার (৯ আগস্ট) সমাহিত করা হয়। ওই শেষকৃত্যে মেসির স্ত্রী, মেসির ভাই ম্যাথিয়াস, রদ্রিগো, বোন মারিয়াসহ ঘনিষ্ঠ আত্মীয়রা ছিলেন কেবল।
মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে পারিবারিক শোকের এই সময়ে মেসি আর্জেন্টিনায় থেকে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।
পিতার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মেসি। তার ফুটবলার হয়ে ওঠার পেছনে হোর্হে মেসির অনেক বড় ভূমিকা। ‘গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি’ নামক এক বিরল রোগে আক্রান্ত মেসিকে ছোটবেলায় স্বাক্ষর করিয়েছিল বার্সেলোনা। ১৩ বছর বয়সী মেসি তখনও দেশের বাইরে কোথায় যাননি। সেই সময় চাকরি ছেড়ে অনেক অনিশ্চয়তা সঙ্গী করে ছেলেকে নিয়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন হোর্হে। তাই তো মেসির কাছে পিতার চেয়েও অনেক বড় কিছু ছিলেন তিনি।
- বিষয় :
- আর্জেন্টিনা
- লিওনেল মেসি
- ইন্টার মায়ামি