ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ১২:৩১

মাঠের উত্তাপ গড়াল মাঠের বাইরের শাস্তি পর্যন্ত। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করার ঘটনায় লিওনেল মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কুইন সুলিভানের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তার ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন মেসি। ঘটনাটির পর দুজনের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।

এমএলএস জানায়, প্রতিপক্ষের মাথা ও ঘাড়ের এলাকায় হাত দিয়ে স্পর্শ করার ঘটনায় মেসি ও তার সতীর্থ ইয়ান ফ্রে-কে জরিমানা করা হয়েছে। তবে দুজনের জরিমানার অঙ্ক জানানো হয়নি। একই ম্যাচে সুলিভান পরিবারের আরেক সদস্য কাভান সুলিভানও আলোচনায় ছিলেন। ম্যাচের শেষ দিকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল তাকে। তবে পরে এমএলএসের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করে। ফলে মেসির ঘটনায় শাস্তি পেলেও সুলিভান পরিবারের জন্য এসেছে স্বস্তির খবর।

ম্যাচে অবশ্য ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন মেসি। বাবার মৃত্যুর পর প্রথম গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলে সহায়তাও করেন আর্জেন্টাইন তারকা। তবে কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত মুহূর্তের জেরে ম্যাচ শেষ হওয়ার পরও শাস্তির মুখে পড়তে হলো তাকে।

আরও পড়ুন

×