ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

হাজার গোলের দৌড়ে রোনালদোকে ছাড়াতে পারবেন মেসি?

হাজার গোলের দৌড়ে রোনালদোকে ছাড়াতে পারবেন মেসি?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৪১

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলবিশ্বের সবচেয়ে আলোচিত দ্বৈরথ ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। ব্যক্তিগত পুরস্কার থেকে দলীয় সাফল্য, গোলের রেকর্ড থেকে মাইলফলক প্রতিটি ক্ষেত্রেই একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে ছিলেন দুই মহাতারকা। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও সেই প্রতিযোগিতার রেশ রয়ে গেছে। এবার নতুন এক প্রশ্ন,  ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকে কে আগে পৌঁছাবেন?

এই দৌড়ে আপাতত পরিষ্কার ব্যবধানে এগিয়ে রোনালদো। তবে মেসির সাম্প্রতিক গোলের ধার এবং বয়সের সুবিধা হিসাবটাকে পুরোপুরি একপেশে হতে দিচ্ছে না। সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের জয়ে একাই চারবার জালে বল পাঠিয়েছেন মেসি। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯২৭-এ, যা এসেছে ১১৭১ ম্যাচে। ৩৯ বছর বয়সেও মেসির গোলের ক্ষুধা যে এতটুকু কমেনি, মন্ট্রিয়েলের বিপক্ষে চার গোলই তার বড় প্রমাণ। নিয়মিত খেললে সামনে আরও কিছু মৌসুমে গোল করার সুযোগও রয়েছে আর্জেন্টাইন তারকার।

তবে সংখ্যার বিচারে রোনালদো এখন অনেকটাই এগিয়ে। পর্তুগিজ ফরোয়ার্ডের ক্যারিয়ার গোল ৯৭৮টি, যা এসেছে ১৩৩৩ ম্যাচে। অর্থাৎ কাঙ্ক্ষিত ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন আর মাত্র ২২ গোল। অন্যদিকে মেসির সামনে বাকি ৭৩ গোল। দুই তারকার মধ্যে ব্যবধান এখন ৫১ গোলের।

মেসির জন্য আশার জায়গা তার বয়স। তিনি রোনালদোর চেয়ে দুই বছরের ছোট। ফলে নিয়মিত মাঠে থাকতে পারলে ক্যারিয়ারের শেষ দিকে আরও কিছু সময় হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। ইন্টার মায়ামির হয়েও দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে মেসির।

তবে বয়স যে রোনালদোর জন্য বড় বাধা নয়, সেটিও তিনি বারবার দেখিয়ে চলেছেন। ৪১ বছর বয়সেও গোল করে যাচ্ছেন পর্তুগিজ তারকা। অসাধারণ ফিটনেস, গোল করার ধারাবাহিকতা এবং প্রতিযোগিতায় টিকে থাকার মানসিকতা তাঁকে এখনো মাইলফলকের খুব কাছে রেখেছে।

তাই মেসির সামনে সমীকরণটা সহজ নয়। তাকে নিজের গোল করার হার দীর্ঘ সময় ধরে ধরে রাখতে হবে। একই সঙ্গে রোনালদোর গোলের গতিও কমতে হবে। অর্থাৎ মেসির দুর্দান্ত ফর্মের পাশাপাশি রোনালদোর গতি কমে এলেই কেবল হাজার গোলের দৌড়টা জমে উঠতে পারে।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×