ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই ভেন্যুতে এবার কিউরেটর বদল

দুই ভেন্যুতে এবার কিউরেটর বদল
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২৯ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৬

বিসিবিতে বদলি নিয়ে তৈরি হয়েছে অস্বস্তি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বিভাগীয় পর্যায়ে বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন। অভিমান থেকে ক্রিকেট বোর্ডের চাকরি ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছেন কেউ কেউ। এই বদলির তালিকায় নতুন যোগ হলেন দুই কিউরেটর বদিউল আলম খোকন ও শফিউল আলম বেলাল। তারা ক্যারিয়ারের শুরু থেকে ঢাকায় কাজ করছেন। যদিও মাঝে বিসিবির চাকরি ছেড়ে দিয়েছিলেন খোকন। ফারুক আহমেদ বোর্ড সভাপতি হওয়ার পর আবার এ চাকরিতে ফেরেন তিনি। 

গ্রাউন্ডস বিভাগের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিষয়টিকে নিয়মিত বদলির অংশ হিসেবে দেখছেন। ধারাভাষ্যকার মাজহার গতকাল শুক্রবার দুবাই থেকে ফোনে সমকালকে জানান, দেশের সব ভেন্যুতে মানসম্পন্ন উইকেট প্রস্তুত করার জন্য অভিজ্ঞ দুই কিউরেটরকে কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে।

বিসিবির কিউরেটরদের প্রধান টনি হেমিংয়ের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল খোকনের। তাঁর বিরুদ্ধে গ্রাউন্ডস বিভাগে অভিযোগও করেছিলেন হেমিং। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে সম্পর্কের কিছুটা উন্নতি হলেও মিরপুর ছাড়তে হচ্ছে খোকনকে। খুলনা ও বরিশাল স্টেডিয়ামের কিউরেটর করা হয়েছে তাঁকে। 

এ ব্যাপারে খোকনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের বিভাগ থেকে মৌখিকভাবে জানিয়েছে বদলির বিষয়টি। চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত মিরপুরেই আছি।’ 

ফতুল্লার কিউরেটর বেলালকে রাজশাহী, বগুড়া ও রংপুর ভেন্যুর দায়িত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু কক্সবাজার স্টেডিয়ামেও কাজ করবেন। এই আদেশ কার্যকর হলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট বানাবেন টনি হেমিং। পূর্বাচল স্টেডিয়ামও থাকবে তাঁর অধীনে। এ ব্যাপারে বিস্তারিত জানতে বিসিবি গ্রাউন্ডস বিভাগের ন্যাশনাল ম্যানেজার আব্দুল বাতেনকে ফোন করে পাওয়া যায়নি। 

তবে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট-এ আর টি২০ টুর্নামেন্ট করতে হলে ঢাকার বাইরে সব ভেন্যুকে কাজে লাগাতে হবে। প্রতিটি স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সেরা কিউরেটরদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা অঞ্চলভিত্তিক কাজ করবেন। কাউকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদলি করা হচ্ছে না। দেশের ক্রিকেটের স্বার্থে সবকিছু হচ্ছে। কারণ খেলা বাড়লে বেশি মাঠের প্রয়োজন হবে।’

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×