ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নাটকীয় ম্যাচে শেষ চারে সাবালেঙ্কা

নাটকীয় ম্যাচে শেষ চারে সাবালেঙ্কা
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:০৪

ইউএস ওপেনে দারুণ এক লড়াইয়ের পর শেষ চার নিশ্চিত করেছেন আরিনা সাবালেঙ্কা। লিন্ডা নোসকোভার কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৭-৬ (৭-১), ৩-৬, ৭-৬ (১০-৭) গেমে জিতেছেন দ্বিতীয় বাছাই এই বেলারুশিয়ান তারকা।

এই জয়ের মাধ্যমে টানা ষষ্ঠবার ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন সাবালেঙ্কা। পাশাপাশি টুর্নামেন্টটিতে টানা ১০টি টাইব্রেক জয়ের রেকর্ডও গড়েছেন তিনি।

ম্যাচের শুরুতে বেশ এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। নোসকোভার প্রথম সার্ভিস গেমেই ব্রেক করে ৫-২ ব্যবধানে এগিয়ে যান তিনি। তবে সেট জয়ের সুযোগে নিজেই সার্ভ হারান। শেষ পর্যন্ত টাইব্রেকে ৭-১ ব্যবধানে জিতে প্রথম সেট নিজের করে নেন সাবালেঙ্কা।

দ্বিতীয় সেটে অবশ্য ঘুরে দাঁড়ান নোসকোভা। সাবালেঙ্কা তিনটি ব্রেক পয়েন্ট পেয়েও কাজে লাগাতে পারেননি। ষষ্ঠ গেমে ডাবল ফল্টে সার্ভ হারানোর পর ৬-৩ গেমে সেট জিতে ম্যাচ সমতায় ফেরান চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়।

নির্ধারক সেটেও দারুণ লড়াই হয়। এক পর্যায়ে ২-৪ গেমে পিছিয়ে পড়েন সাবালেঙ্কা। সেখান থেকে টানা তিন গেম জিতে ম্যাচে ফেরেন তিনি। শেষ পর্যন্ত সেটও গড়ায় টাইব্রেকে। সেখানে ১০-৭ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন সাবালেঙ্কা। ম্যাচের শেষ পয়েন্টটি আসে দ্বিতীয় সার্ভে তাঁর দারুণ এক এস দিয়ে।

ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘কী অসাধারণ লড়াই! সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়। এই মুহূর্তে আমি সত্যিই নির্বাক। বিশেষ করে তৃতীয় সেটে নিজেকে সীমার শেষ প্রান্ত পর্যন্ত ঠেলে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তৃতীয় সেটের এক পর্যায়ে আমার মনে হচ্ছিল, সব শেষ। ম্যাচটা সম্ভবত চলে যাচ্ছে। কিন্তু ওই ভাবনাটাই আমাকে কিছুটা স্বচ্ছন্দ হতে সাহায্য করেছে। এরপর আমি শুধু শটগুলোতে আক্রমণ করতে চেয়েছি।’

সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ তৃতীয় বাছাই জেসিকা পেগুলা। কোয়ার্টার ফাইনালে এমা নাভারোকে ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন পেগুলা।

এদিকে পুরুষ এককে নাটকীয় প্রত্যাবর্তনে সেমিফাইনালে উঠেছেন ফ্রান্সিস টিয়াফো। দুই সেট ও এক ব্রেক পিছিয়ে থেকেও স্বদেশি অ্যালেক্স মিকেলসেনকে ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩, ৭-৬ (১০-৬) গেমে হারিয়েছেন ১১তম বাছাই টিয়াফো।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×