ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড

ভারতকে সরিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড
×

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৬

শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজেই ছিল ইংল্যান্ডের দাপট। শেষ ম্যাচেও সেই ধারায় কোনো ছেদ পড়েনি। ম্যানচেস্টারে মাত্র ১০ ওভারের মধ্যে জয় তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। সিরিজ জয়ের সঙ্গে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। এতে বিশ্বচ্যাম্পিয়ন ভারত নেমে গেছে দ্বিতীয় স্থানে।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে আগে ব্যাট করে ১২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে সনি বেকার, জোফরা আর্চার ও উইল জ্যাকস দুটি করে উইকেট নেন। ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ইংলিশরা।

মাত্র ১০ ওভার শেষ হওয়ার আগেই ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। জস বাটলার ৩২ বলে ৬২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অধিনায়ক হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে তার ৮৫ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইংল্যান্ডের হাতে তুলে দেয়।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে সাউদাম্পটনে ১১৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে কার্ডিফে ৬ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজে কোনো ম্যাচ না হেরেই শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল তারা।

এই জয়ে সাম্প্রতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের দাপটও আরও স্পষ্ট হয়েছে। শেষ ২৬ ম্যাচের ২৩টিতেই জয় পেয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটিও ফিরে পেল তারা। গত দুই মাসে ইংল্যান্ড ও ভারতের মধ্যে তিনবার অদলবদল হয়েছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।

আরও পড়ুন

×