ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে শীর্ষে উঠাতে চান ফ্লেমিং

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে শীর্ষে উঠাতে চান ফ্লেমিং
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৪

শুধু বড় সিরিজ জয় নয়, ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিংয়ের লক্ষ্য  দলকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও নেওয়া। একই সঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটীয় ‘পরিচয়’ নতুন করে গড়ে তুলতে চান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। তার মতে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাকেও আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে দলকে।

শনিবার ম্যানচেস্টারে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে গণমাধ্যমের মুখোমুখি হন ফ্লেমিং। ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে এটাই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। ২০৩০ সালের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি করা ফ্লেমিং বলেন, বিশ্বের এক নম্বর টেস্ট দল হওয়ার লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছেন তিনি। তার ভাষায়, ‘আমি বিশ্বের এক নম্বর টেস্ট দলের দায়িত্বে থাকতে চাই। সেটিই আমার লক্ষ্য।’

২০১২ সালের পর আর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেনি ইংল্যান্ড। আগামী শীতে দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে ফ্লেমিংয়ের অধীনে নতুন অধ্যায় শুরু হবে দলটির। এর আগে অধিনায়ক জো রুটসহ দলের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে আলোচনায় নিজের পরিকল্পনা জানিয়েছেন তিনি।

দলের পরিচয় প্রসঙ্গে ফ্লেমিং বলেন, খেলোয়াড়েরা কীভাবে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন, সেটি তার কাছে গুরুত্বপূর্ণ। খেলার ধরনও সেই পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হবে। তবে এ ক্ষেত্রে খেলোয়াড়দেরই পরিবর্তনের বড় চালিকাশক্তি হতে হবে বলে মনে করেন তিনি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও ইংল্যান্ডের মানসিকতায় পরিবর্তন চান ফ্লেমিং। এখন পর্যন্ত তিনটি আসরের কোনোটির ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। অথচ তিনবারই ফাইনাল হয়েছে ইংল্যান্ডে। বর্তমানে ষষ্ঠ অবস্থানে আছে তারা।

ফ্লেমিং বলেন, ‘বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় ট্রফি যদি এটি হয়, তাহলে অন্য বড় প্রতিযোগিতাগুলোর মতো এটিও জেতার চেষ্টা কেন থাকবে না? সুযোগটি বাস্তব, তবে এর জন্য অনেক কাজ করতে হবে।’

নতুন দায়িত্বে এসে ফ্লেমিং প্রথম সপ্তাহেই ঘুরে দেখেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের বিভিন্ন ভেন্যু। ইয়র্কশায়ার, লেস্টারশায়ার, নর্দাম্পটনশায়ার, ডারহাম হয়ে ম্যানচেস্টারে পৌঁছান তিনি। কাউন্টি ক্রিকেটের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাকেও নিজের কাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন এই সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক।

এদিকে খেলোয়াড়দের মাঠের বাইরের আচরণ নিয়েও কথা বলেছেন ফ্লেমিং। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটারকে ঘিরে বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি স্বীকার করেন, এ জায়গায় উন্নতির প্রয়োজন আছে। উদাহরণ হিসেবে জো রুটের আচরণকে সামনে আনেন তিনি।

ফ্লেমিং বলেন, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে কীভাবে আচরণ করতে হয়, তার ভালো উদাহরণ রুট। তার মতে, ব্যক্তিগত আচরণকে দলের দায়িত্ববোধের সঙ্গে যুক্ত করতে পারলে এ ধরনের সমস্যাও কমানো সম্ভব।

আরও পড়ুন

×