ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

৭০ দল নিয়ে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট

৭০ দল নিয়ে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট
×

ছবি- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৭ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৫

বিসিবির টুর্নামেন্ট বা কার্যক্রমকে একটু বর্ণাঢ্য করার চেষ্টা থাকে। গতকাল শনিবার সে রকম একটি উদ্বোধন অনুষ্ঠান ছিল তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্ট নিয়ে। এভাবে ঢাকঢোল পিটিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করার কারণ হলো নতুনত্ব।

আগে বাছাই টুর্নামেন্ট হতো ওয়ানডে সংস্করণে। এখন থেকে খেলা হবে টি২০ সংস্করণে। লাল বলের জায়গায় সাদা বলে খেলবেন ক্রিকেটাররা। 

এবার বাছাই লিগে আরও কিছু নতুনত্ব আনা হয়েছে। ক্রিকেটারদের বয়সের সীমারেখা টেনে দিয়েছে বোর্ড। খেলোয়াড়দের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। এই লিগ থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাইয়ের উদ্যোগ নিয়েছে বিসিবি। 

বয়সভিত্তিক ক্রিকেট দলের নির্বাচকদের মাঠে থেকে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার নির্দেশ দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে বয়সভিত্তিক দলে নেওয়ার পরিকল্পনা থেকে এ নির্দেশনা। 

এবার তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ৭০টি দল। এক হাজার ৪০০ ক্রিকেটার টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন। ১৫১টি ম্যাচ খেলা হবে ঢাকা ও পার্শ্ববর্তী মাঠে। ৭০টি দলকে ১৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের খেলা হবে লিগ ভিত্তিতে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উন্নীত হবে সেরা ৩২-এ। এই পর্বে হবে নকআউট ম্যাচ। ১৬টি ম্যাচের জয়ী দল উন্নীত হবে পরের ধাপে। 

কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচগুলোও হবে নকআউট। সেরা আট দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। এই পর্বের জয়ী দল খেলবে সেমিফাইনালে। দুই সেমিফাইনালের জয়ী দল উন্নীত হবে ফাইনালে। ঢাকা ক্রিকেট কমিটি অব মেট্রোপলিশ (সিসিডিএম) জানিয়েছে, ২৫ থেকে ২৬ অক্টোবর বাছাই টুর্নামেন্ট শেষ করতে চায় তারা।

আরও পড়ুন

×