মেসিকে আটকানোর ‘বিশেষ পরিকল্পনা’ নেই বেনিনের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৫:১২
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে বুয়েনস আইরেসে এখন উৎসবের আমেজ। আগামীকাল বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। তবে এই ম্যাচ ঘিরে প্রতিপক্ষ বেনিনের পরিকল্পনা শুনে চমকে যেতে পারেন অনেকেই। মেসিকে থামাতে কোনো বিশেষ কৌশল নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিজানি। বরং আর্জেন্টিনার ১০ নম্বরের শেষ আন্তর্জাতিক ম্যাচ উপভোগ করতেই মাঠে নামবে তারা।
আর্জেন্টাইন এক সাংবাদিক তিজানিকে প্রশ্ন করেন, মেসিকে আটকাতে বেনিনের পরিকল্পনা কী। জবাবে সাবেক রায়ো ভায়েকানোর এই ডিফেন্ডার বলেন, ‘মেসিকে মার্ক করার প্রয়োজন নেই। আমরা এই ম্যাচ উপভোগ করতে যাচ্ছি। তাকে আটকানোর কোনো বিশেষ পরিকল্পনা নেই। আমাদের শুধু ম্যাচটি উপভোগ করতে হবে, এটাই।’
এরপর মেসির প্রতি নিজের মুগ্ধতার কথাও জানান তিজানি। তিনি বলেন, ‘মেসি, তুমি ঈশ্বর। আমার কাছে সে বিশ্বের সেরা।’ বেনিনের দলের চিকিৎসকও মেসির প্রশংসায় যোগ দিয়ে তাকে ‘ফুটবলের ঈশ্বর’ বলে মন্তব্য করেন।
এদিকে মেসির বিদায়ী ম্যাচে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সতীর্থদের অনেকেই উপস্থিত থাকার কথা থাকলেও দুজনকে দেখা যাবে না। পাওলো দিবালা ও নাহুয়েল মোলিনাকে আর্জেন্টিনা সফরের অনুমতি দেয়নি তাদের ক্লাব রোমা। ক্লাবটির কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি জানিয়েছেন, আর্জেন্টিনা সফরের দীর্ঘ বিমানযাত্রার পর রোববার কোমোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই খেলোয়াড়কে ফিরিয়ে আনা কঠিন হতো।
মেসির বিদায়ী ম্যাচ আয়োজন নিয়েও অবশ্য বিতর্ক রয়েছে। ইতালিয়ান সংবাদমাধ্যম গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত দাবি করেছে, ম্যাচটির আয়োজন নিয়ে শুরুতে মেসির নিজেরই আপত্তি ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এএফএ তার নাম ব্যবহার করে বড় অঙ্কের আয় করতে চাইছে, এমন ধারণা থেকে মেসি ম্যাচটি নিয়ে আগ্রহী ছিলেন না। পরে তিনি এতে সম্মতি দেন বলে দাবি করা হয়েছে।
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা