ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেসির সঙ্গে ওতামেন্দিরও শেষ

মেসির সঙ্গে ওতামেন্দিরও শেষ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৬:২২

লিওনেল মেসির বিদায়ের আবেগের মধ্যেই আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে শেষ অনুশীলন সেরে ফেলেছেন নিকোলাস ওতামেন্দিও। এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে অনুশীলনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ডিফেন্ডার।

বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ওতামেন্দি। তবে মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বিশেষভাবে তাকে দলে ফেরান কোচ লিওনেল স্কালোনি। ফলে এই ম্যাচের আগের দিনের অনুশীলনই হয়ে থাকল জাতীয় দলের সঙ্গে তার শেষ।

শেষ অনুশীলনের ছবি পোস্ট করে ওতামেন্দি লিখেছেন, ‘আজ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে আমার শেষ অনুশীলন ছিল। যদিও চেষ্টা করেছিলাম অন্য যেকোনো দিনের মতোই এটাকে নিতে, কিন্তু প্রথম মুহূর্ত থেকেই জানতাম, আর কিছুই কখনো আগের মতো থাকবে না।’

এরপর নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মাঠের প্রতিটি কোণ যেন কোনো না কোনো গল্প ধরে রেখেছিল। জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা শুধু একটি স্বপ্ন পূরণ ছিল না; এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি।’

আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান ওতামেন্দি। তবে সবচেয়ে আবেগঘন ছিল মেসিকে উদ্দেশ্য করে তার বার্তা। তিনি লিখেছেন, ‘আগামীকাল খুব বিশেষ একটি দিন। কারণ এটি সর্বকালের সেরা খেলোয়াড়ের দিন। তোমার গল্পের অংশ হতে পারাটা আমার জন্য ছিল গর্বের, ছোট্ট মানুষ।’

শেষে জাতীয় দলকে বিদায় জানিয়ে ওতামেন্দি লিখেছেন, ‘আজ একটি অনুশীলন শেষ হচ্ছে, কিন্তু একই সঙ্গে আমার জীবনের বিশাল একটি অধ্যায়ও শেষ হচ্ছে। আমি সঙ্গে নিয়ে যাচ্ছি এমন সব স্মৃতি, যেগুলো সারাজীবন আগলে রাখব। আর এমন এক গর্ব, যা কখনো মুছে যাবে না।’

আরও পড়ুন

×