মেসির বিদায়ের অংশ হতে চেয়েছিলাম: ওতামেন্দি
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১২:৫৪
লিওনেল মেসির বিদায়ের রাতেই আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন নিকোলাস ওতামেন্দি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে মেসির কর্নার থেকে গোল করে বিদায়টাকে আরও স্মরণীয় করে রাখেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসির অনুরোধেই শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামার কথা জানিয়েছেন তিনি।
ওতামেন্দি জানান, ২০২৬ বিশ্বকাপের আগে যে ম্যাচটি খেলেছিলেন, সেটিকেই তিনি জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ মনে করেছিলেন। সেখানেই বিদায়ের সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। কিন্তু মেসির অনুরোধ বদলে দেয় তার পরিকল্পনা।
‘এই ম্যাচটা ছিল বাড়তি পাওয়া। আমি ভেবেছিলাম, বিশ্বকাপের আগের ম্যাচটিই আমার শেষ। কারণ তখনই বিদায় বলে দিয়েছিলাম। কিন্তু মেসি আমাকে এখানে আসতে বলল। ওর বিদায়ের অংশ হতে, এই ঐতিহাসিক দিনটা উপভোগ করতে বলল। জাতীয় দলের হয়ে ১৭ বছর কাটিয়েছি। আর এই ১৭ বছর ওর সঙ্গে ভাগ করে নিতে পারাটা ছিল অসাধারণ।’
বিদায়ী ম্যাচে গোল করার আনন্দটাও আলাদা করে মনে রাখবেন ওতামেন্দি। তার গোলেই দ্বিতীয়ার্ধের শুরুতে বেনিনের বিপক্ষে এগিয়ে যায় আর্জেন্টিনা। ‘আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচে শেষ গোলটা করা এমন একটা ব্যাপার, যেটা আমি সারা জীবন মনে রাখব।’
মেসির বিদায় প্রসঙ্গেও আবেগ সামলাতে পারেননি ওতামেন্দি। দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধুর শেষ ম্যাচটি যে তার কাছেও কঠিন ছিল, সেটিই উঠে এসেছে তার কথায়। ‘ও একেবারে মাটির মানুষ। এটা ওর শেষ ম্যাচ, ভাবলেই গায়ে কাঁটা দেয়। জানতাম, এই ম্যাচটা একদিন আসবেই। একই সঙ্গে দুঃখ আর আনন্দ হচ্ছিল। কারণ ওর বিদায়টা ঠিক যেভাবে প্রাপ্য ছিল, সেভাবেই হয়েছে।’
মেসির সঙ্গে তার সম্পর্কের গভীরতাও ফুটে উঠেছে ওতামেন্দির কথায়। এত বছরের পথচলায় অনেক কথা হয়তো বলা হয়নি, তবে একসঙ্গে কাটানো সময়টাকেই বেশি মূল্য দিয়েছেন তিনি। ‘আমরা ওর খুব কাছের মানুষ ছিলাম। হয়তো কখনো কখনো ওকে কিছু কথা বলার থাকত, কিন্তু বলা হয়ে ওঠেনি। কারণ তখন মনে হয়, কিছু বলার চেয়ে ওর সঙ্গে সময়টা উপভোগ করাই ভালো। আমি ওকে ধন্যবাদ জানাই। ও পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষগুলোর একজন। আর ফুটবল দিয়ে সে যা করেছে, সেটাও অবিশ্বাস্য। সে আর্জেন্টিনার পতাকাটা অনেক উঁচুতে রেখে গেছে।’
আর্জেন্টিনার সোনালি সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওতামেন্দি। লিওনেল স্কালোনির অধীনে শুরু থেকেই দলের সঙ্গে থাকা এই ডিফেন্ডার ধীরে ধীরে হয়ে ওঠেন রক্ষণভাগের অন্যতম ভরসা। তার ক্যারিয়ারের অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা।
বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করেছেন ওতামেন্দি। চারটি বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০১০ সালে তিনটি, ২০১৮ সালে চারটি, ২০২২ সালে সাতটি এবং ২০২৬ সালে সাতটি ম্যাচ খেলেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মেসির পরই রয়েছেন ওতামেন্দি। তার ২১ ম্যাচ ডিয়েগো ম্যারাডোনার সংখ্যার সমান।
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা