ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় আটকা খরাজ মুখার্জি, যা জানাল পরিবার

নেপালে ভয়াবহ বন্যায় আটকা খরাজ মুখার্জি, যা জানাল পরিবার
×

খরাজ মুখার্জি

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৬:৩৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ | ১৭:০৬

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক বন্যায় প্রাণহানি-নিখোঁজের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত অন্তত ১৬৫ জনের প্রাণহানি এবং ১,৫০০ এর বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে ঢালিউডের ‘শিকার’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরতে পারছেন না কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি।

জানা গেছে, একই সিনেমার শুটিংয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস, কলকাতার আরেক অভিনেতা রজতাভ দত্তসহ পুরো টিমের সদস্যরা সেখানে আছে। বর্তমানে তারা নিরাপদে রয়েছেন।

দুর্যোগের কারণে ওই এলাকার যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। এমনকি খরাজের ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। এতে তাদের পরিবার ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেতা খরাজ মুখার্জির সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব না হলেও তার ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায় (বিহু) জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই তারা মনে করছেন।

তমোঘ্ন বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেই মনে হয়। বাবার সঙ্গে মা-ও রয়েছেন। গতকালই আমার সঙ্গে মায়ের কথা হয়েছে। তবে আজ আর যোগাযোগ করতে পারিনি। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফ্লাইট পেতে অসুবিধা হচ্ছে বলেই শুনেছি।’

তিনি আরও বলেন, ‘আশা করি শারীরিকভাবে তারা ঠিকই আছেন। নেপালের পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ধসের কারণে স্থানীয় টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। অবস্থার উন্নতি হলে ফ্লাইট পেতে সমস্যা হবে না। নির্বিঘ্নে সবাই বাড়ি ফিরে আসবেন।’

জানা গেছে, বাংলাদেশের আলোচিত সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন খরাজ। শুটিং দলের অন্য সদস্যদেরও প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। এর মধ্যেই রসুয়া এলাকায় হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের খবর সামনে আসে।

দুর্যোগের কারণে সড়ক ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় অনেকেই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। ফলে শুটিং দলের সদস্যদের দেশে ফেরার পরিকল্পনাও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান কলাকুশলীরা। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস, মুরতজা পলাশ, রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে।

আরও পড়ুন

×