দেশে তৈরি অ্যাপ
ঘরে বসেই বাংলা ভাষায় কৃত্রিম শিক্ষক
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১০:২০
শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ছোঁয়া লেগেছে আগেই। কিন্তু এখনও অনেক সমস্যা রয়ে গেছে– স্কুলে শিক্ষক যা পড়ান, তার বড় অংশই শিশু-কিশোররা মনে রাখতে পারে না। শিক্ষক অনেক সময় ক্লাসে যেভাবে ব্যাখ্যা করেন, সেসব আবার পুরোপুরি বুঝতে সমস্যা হয়।
অভিভাবকের দুশ্চিন্তা থেকে তৈরি হয় প্রশ্ন– যেমন পরীক্ষার প্রস্তুতি কেমন হবে, সন্তান ঠিকমতো বুঝতে পারছে কিনা? দীর্ঘদিনের এসব সমস্যার সমাধানে তৈরি হয়েছে ডিজিটাল স্টাডি রুম অ্যাপ। শিক্ষার্থীর জন্য তৈরি অত্যাধুনিক এআই পরিচালিত ডিজিটাল প্ল্যাটফর্ম এটি।
শিশু-কিশোরদের শেখার আগ্রহকে করেছে সহজ ও আকর্ষণীয়। জাতীয় শিক্ষাক্রমে সাজানো স্টাডি রুমের পাঠদান যেন সহজ ভাষায় সব বিষয় ব্যাখ্যা করে শোনায়। এমন মিশেলে শিক্ষার নতুন সম্ভাবনা তৈরি করেছে এই অ্যাপ। শিক্ষার্থী, অভিভাবক ও গৃহশিক্ষকের জন্য এটি হয়ে উঠছে নির্ভরযোগ্য শিক্ষা সহায়ক।
ক্লিক করলেই ক্লাস
শিক্ষার্থীরা স্কুলের ক্লাসে যেভাবে পাঠ শোনে, তা অনেক সময় একবারে পুরোটা মনে রাখা কঠিন হয়ে পড়ে। মনোযোগের সীমাবদ্ধতা, জটিল ব্যাখ্যা বা শারীরিক ক্লান্তি– সব মিলিয়ে ক্লাসের শিক্ষা অপূর্ণ রয়ে যায়।
স্টাডি রুম সেই জায়গাতেই সবচেয়ে বড় সুবিধা এনে দিয়েছে। সিলেবাসের প্রতিটি বিষয়, প্রতিটি অধ্যায়, এমনকি অধ্যায়ের কঠিন সব অংশ এক ক্লিকেই পাওয়া সম্ভব আধুনিক বাঙালি এআই শিক্ষকের কণ্ঠে।
স্টাডি রুমের এআই শিক্ষক এমনভাবে কথা বলেন, যেন মনে হবে বাড়ির পাশের কোনো খুব চেনা শিক্ষক সহজ ভাষায় সবকিছু বুঝিয়ে বলছেন। ধৈর্য ধরে বারবার, প্রয়োজনমতো থেমে– এমন সুবিধা ক্লাসরুমে পাওয়া যায় না।
আজ শিশুর পড়া বুঝতে যেসব সমস্যা হয়েছে, সে রাতে আবার শোনার সুযোগ পাবে। অনেক শিক্ষার্থী ক্লাসে প্রশ্ন করতে পারেনি, সে স্টাডি রুমে বারবার বিষয়টি শুনে নিতে পারছে কোনো সংকোচ ছাড়াই।
স্টাডি রুমে অভিভাবক
অনেক মা-বাবা আছেন, যাদের প্রতিদিনের কাজ– সন্তানের স্কুল ডায়েরি দেখা, পরদিন কী পড়াতে হবে তা খুঁজে বের করা, গৃহশিক্ষক ঠিকভাবে পড়াচ্ছেন কিনা তা নিশ্চিত করা। আজকাল অনেক অভিভাবক নিজেরাও বিভ্রান্ত হয়ে পড়েন কোন বইয়ের কোন অধ্যায় স্কুলে হয়েছে, কোন বিষয়টি সন্তান কতটা বুঝেছে। এসব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। স্টাডি রুমে অভিভাবকরা সহজেই দেখতে পারবেন সন্তানের ডায়েরিতে উল্লিখিত সব বিষয়ের এআই ক্লাস, পরবর্তী দিনের প্রয়োজনীয় পড়াশোনার গাইডলাইন, অধ্যায়ভিত্তিক নোট, প্রশ্ন-উত্তরের সঠিক ব্যাখ্যা ও কীভাবে সন্তানকে প্রস্তুত করাতে হবে, তার সহজ নির্দেশনা। ফলে অভিভাবকদের আর আলাদা করে গাইড খুঁজতে হয় না। অ্যাপেই যা যা প্রয়োজন– সবই তৈরি পাওয়া যায়। শুধু তাই নয়, যেসব শিশু মনোযোগ হারিয়ে ফেলে, তাদের জন্য রয়েছে রুটিন সাজানোর অপশন। ছোটরা কখন, কোন বিষয় পড়বে– অ্যাপই তা মনে করিয়ে দেবে। আর তা সঠিকভাবে পরিচালনাও করবে।
শিক্ষার্থীরা পড়ায় তখনই অনীহা অনুভব করে, যখন কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান খুঁজে পাওয়া যায় না। স্টাডি রুমের এআইনির্ভর অ্যাপ তাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবে তাৎক্ষণিক। সহজ ভাষায় বুঝিয়ে দেয় কঠিন সব বিষয়। ফলে পড়ালেখা হয় স্বাচ্ছন্দ্য ও বাধাহীন। শিক্ষার্থীর আত্মবিশ্বাসও তখন বেড়ে যায়। স্টাডি রুমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাইদুজ্জামান শামীম এই অ্যাপ প্রসঙ্গে বলেন, যখন শিক্ষার্থীরা কোনো জটিল সমস্যায় পড়লে তার তাৎক্ষণিক সমাধান খুঁজে পায় না, তখন তারা পড়াশোনা থেকে দূরে সরে যায়। এতে তাদের মধ্যে পড়ার ভীতি ও অনাগ্রহ তৈরি হয়। এআইনির্ভর এই অ্যাপ ঠিক সে জায়গাতেই পরিবর্তন আনতে চেয়েছে।
বাস্তবে প্রশ্ন যেমনই হোক; গণিতের কঠিন অঙ্ক, বিজ্ঞানের জটিল ধারণা, ইংরেজির ব্যাকরণের সমস্যা বা যে কোনো অধ্যায়ের জিজ্ঞাসা– শিক্ষার্থী শুধু প্রশ্নটি লিখবে বা ছবি তুলবে আর অ্যাপের স্মার্ট এআই শিক্ষক সঙ্গে সঙ্গেই তার সহজ, পরিষ্কার ও প্রমিত বাংলায় সমাধান জানিয়ে দেবে। ফলে পড়ার সময় আর কোনো অনাগ্রহ কাজ করবে না, ক্লাসে না বোঝা বিষয় বারবার শুনে বুঝে নেওয়া সহজ হবে।
- বিষয় :
- প্রযুক্তি
- শিক্ষাব্যবস্থা
