স্মার্ট জীবনে উদ্বেগের কারণ নিরাপত্তা
মুস্তাফা তৌহিদ
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১২:০৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ১২:১০
বাংলাদেশের তরুণ স্মার্টফোন গ্রাহকের মধ্যে ডিজিটাল নিরাপত্তা ও ডিভাইস সুরক্ষা নিয়ে উদ্বেগ স্পষ্টভাবে বেড়েছে সদ্য বিদায়ী বছরে। ডিজিটাল নিরাপত্তা ও শিল্প পর্যবেক্ষণের তথ্য বলছে, স্মার্ট ডিভাইস এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; শিক্ষা, আর্থিক লেনদেন, কাজকর্ম ও বিনোদনের অংশ হওয়ায় নিরাপদ ব্যবহার নিয়ে সচেতনতা বেড়েছে।
বহির্বিশ্বের সাইবার নিরাপত্তা সংস্থার কয়েকটি গবেষণা বলছে, স্মার্টফোন চুরি, অনলাইন প্রতারণা (ফিশিং) ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে উন্নয়নশীল দেশে।
তরুণদের বড় অংশ এখন মোবাইল ইন্টারনেট ব্যবহার করে। তাই অনিরাপদ চার্জিং অভ্যাস ও দুর্বল প্রাইভেসি নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে ডিভাইসের জন্য ঝুঁকির কারণ হয়ে উঠছে বলে বিশ্লেষকরা ধারণা দিয়েছেন।
এই বাস্তবতায় দেশে কার্যত স্মার্টফোন ব্র্যান্ড ডিজিটাল সুরক্ষা ও দায়িত্বশীল ব্যবহার নিয়ে সচেতনতা তৈরিতে জোর দিচ্ছে। তারুণ্যনির্ভর প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স সূত্রে জানা গেছে, গেল বছরে কয়েকটি শ্রেণির তরুণদের সঙ্গে কাজ করতে গিয়ে তারা ডিভাইস নিরাপত্তা নিয়ে বাড়তি উদ্বেগ লক্ষ্য করেছে।
বিদায়ী বছরের পর্যবেক্ষণ বলছে, তরুণরা এখন স্মার্ট ডিভাইস থেকে ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ক্লাস ও গেমিং প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করছেন। ফিনটেক ও টেলিকম খাত-সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি এই নির্ভরতা শুধু ক্যামেরা বা পারফরম্যান্স নয়; বরং ডেটা সুরক্ষা, ব্যক্তিগত ফাইল নিরাপত্তা ও অ্যাপের অনুমতি নিয়ন্ত্রণের মতো বিষয়ে গুরুত্ব আরোপে বাধ্য করছে।
স্মার্টফোন কেনার সময় এখন ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন ও আলোচনা আগের চেয়ে বেশি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি গ্রাহক আচরণে বিশেষ পরিবর্তনের ইঙ্গিত, যেখানে ব্যক্তিতথ্য, আর্থিক ডেটা ও ডিভাইসের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়ছে।
এরই পরিপ্রেক্ষিতে কয়েকটি প্রযুক্তি ব্র্যান্ড ডিজিটাল সুরক্ষাবিষয়ক সচেতনতা কার্যক্রম জোরালো করছে। গবেষণা ব্র্যান্ড ইনফিনিক্স সূত্রে জানা গেছে, নিরাপদ ফাইল সংরক্ষণ, চুরি সতর্কতা ব্যবস্থা, ডিভাইস প্রটেকশন মোড, জোরালো সিস্টেম সিকিউরিটি ও নিরাপদ চার্জিং প্রযুক্তির মতো ফিচারে সচেতন ব্যবহার অভ্যাসের সঙ্গে মিললে দৈনন্দিন ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তি থাকলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। নিয়মিত সফটওয়্যার আপডেট, সন্দেহজনক অ্যাপ বর্জন, অপ্রয়োজনীয় অনুমতি সীমিত করা ও বিশেষ করে রাতে নিরাপদ চার্জিং অভ্যাস– এসব ঝুঁকি কমানোর পরীক্ষিত কৌশল। ডিজিটাল জীবনযাত্রা যতটা ছড়িয়ে পড়ছে, স্মার্টফোন সুরক্ষা নিয়ে সচেতনতার গুরুত্ব ততই বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পূর্ব অভিজ্ঞতা বলছে, নিরাপদ প্রযুক্তির সঙ্গে সচেতন ব্যবহারই ভবিষ্যতের তরুণদের ডিজিটাল জীবনকে নিরাপদ করতে সহায়ক হবে।
- বিষয় :
- সাইবার নিরাপত্তা
