ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ই-কমার্স

উৎসবে ছড়ানো বিভ্রান্তি

উৎসবে ছড়ানো বিভ্রান্তি
×

ঘুরতে যাওয়া বা কেনাকাটা হোক; এই সময়টা সাইবার চক্রের জন্য সুসময়

সাব্বিন হাসান 

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১২:১৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ১৯:৪১

নতুন ক্যালেন্ডারে নববর্ষের দিনক্ষণ গণনা শুরু হয়েছে। উদযাপনের এই সময় অনলাইনে কেনাকাটার হিড়িক পড়ে। অনেকে বিদেশ ভ্রমণ করেন। নববর্ষের কেনাকাটা হোক বা ঘুরতে যাওয়া; বছর শুরুর এই সময়টা সাইবার চক্রের জন্য সুসময়। আগ্রহীরা এই সময়ে যত বেশি অনলাইনে ক্লিক করবেন, তাদের ফাঁদে পড়ার সুযোগও তত বেশি তৈরি হবে। তাই সতর্ক থাকা আবশ্যক। 

সতর্ক থাকতে কী করবেন আর কী করবেন না– এমন প্রশ্নের সদুত্তর খুঁজতে গিয়ে কিছু বিষয় সামনে এসেছে।

ভুয়া সাইট

সামাজিক মাধ্যমের যে কোনো সাইটে অবিশ্বাস্য দামে পণ্য কেনার সুযোগ থাকলেও অন্ধের মতো এতে সাড়া না দিতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, এসবের মধ্যে অনেক ভুয়া ওয়েবসাইট তৈরি করা হয়। বেচাকেনার সাইটে প্রবেশের সময়ে তার ইউআরএল ভালো করে যাচাই করে নিতে হবে। অনেক সময় গ্রাহককে ফাঁদে ফেলার জন্য সুপরিচিত সাইটের একটি বা দুটি অক্ষর সামান্য বদলে বিভ্রান্তি তৈরি করে প্রতারক চক্র।

অনলাইনে সরাসরি পেমেন্টের প্রয়োজনে পেমেন্ট গেটওয়ে কতটুকু নিরাপদ, তা যাচাই করতে হবে। অফার পাওয়া পণ্য কিনতে ব্র্যান্ডের প্রকৃত সাইট বা সুপরিচিত ই-কমার্স সংস্থার নিজস্ব সাইটে যাওয়া ভালো। অচেনা কোনো নম্বর থেকে ফরোয়ার্ড হয়ে আসা শপিং সাইটের লিঙ্ক ঝুঁকির কারণ হতে পারে। এসব লিঙ্কের মাধ্যমে যে কারও স্মার্ট ডিভাইসে প্রবেশ করতে পারে ঘাতক ম্যালওয়্যার। নিজের বন্ধু বা আত্মীয়স্বজনকে অনলাইনে গিফট দিয়ে চমকে দিতে পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন। এতেও ঝুঁকি তৈরি হয়। তাই অচেনা ওয়াইফাইয়ে লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। আশপাশে কোথাও ঘুরে আসার জন্য বহু ডেস্টিনেশন সামাজিক মাধ্যমে ছড়িয়ে রয়েছে। যাচাই না করে তাৎক্ষণিক সিদ্ধান্তে ওই সব লিঙ্কে ক্লিক করে বুকিং নিশ্চিত করবেন না। এর আগে অন্য কোনোভাবে ওই কটেজ, রিসোর্ট বা রেস্তোরাঁর বিষয়ে তথ্য ও অফার জেনে নেওয়া প্রয়োজন।

লুকানো ফাঁদ

বুকিং করার আগে ওই জায়গার বিষয়ে নির্ধারিত সাইটে গিয়ে সেখান থেকে বুকিং করা বেশি নিরাপদ। গাড়ি, বাস বা ট্রেন বুকিং করার ক্ষেত্রেও এই পদ্ধতি মেনে চলতে হবে। বুকিং বা কোনো কিছু কেনার সময় লটারির লোভ দেখিয়ে আগ্রহীর ব্যাংক অ্যাকাউন্ট বা ফিন্যান্সিয়াল মাধ্যমের (বিকাশ, নগদ) কোনো জরুরি তথ্য চাওয়া হলে হুট করে এতে সায় দেওয়া যাবে না।

যা মানতে হবে

দেশ-বিদেশের কোথাও ঘুরতে বা তাৎক্ষণিক কেনাকাটার জন্য ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সময় পিওএস মেশিনে সোয়াইপ করার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেখানে সন্দেহজনক কোনো এক্সটার্নাল ডিভাইস লাগানো রয়েছে কিনা, দেখে নিতে হবে। অন্যদিকে কোনো অপরিচিত নম্বর থেকে শুভেচ্ছাবার্তা এলে তাতে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে। এ রকম মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হ্যাক করার প্রচেষ্টা চলে অনেক। ফলে ক্লিক করার আগে যথাযথভাবে যাচাই করার বিষয়টি উপেক্ষা করা যাবে না। কারণ, সতর্ক থাকাই ডিজিটাল ঝুঁকির সবচেয়ে বড় নিয়ন্ত্রক।

আরও পড়ুন

×