ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচন ও গণভোটে তথ্য সহায়তা দেবে অ্যাপ

নির্বাচন ও গণভোটে তথ্য সহায়তা দেবে অ্যাপ
×

নির্বাচন ও গণভোটে তথ্য সহায়তা দেবে অ্যাপ

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১১:১৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নাগরিকদের জন্য নির্ভরযোগ্য, সময়োপযোগী ও সহজপ্রাপ্য তথ্যসেবা নিশ্চিত করবে জাতীয় হেল্পলাইন-৩৩৩। নাগরিকরা জাতীয় এই হেল্পলাইন নম্বরে কল করে আইভিআর মেন্যুতে ৯ চেপে নির্বাচন ও গণভোটবিষয়ক তথ্য ও পরিষেবা গ্রহণ করতে পারবেন।

এই সেবার আওতায় ভোটার তার নিজের তথ্য, ভোট প্রদানের নিয়ম ও প্রক্রিয়া, ভোটকেন্দ্রের অবস্থান এবং তা খোঁজার উপায়, প্রার্থী ও তার পক্ষে প্রচারণায় অংশগ্রহণকারীদের আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদান-সংক্রান্ত তথ্য, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা ও সেবা, কোনো এলাকায় জরুরি অবস্থা বা বিশেষ নির্দেশনা জারি আছে কিনা– এসব জরুরি সহায়তা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর পাওয়া যাবে। 

এ ছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপ পোস্টাল ভোট বিডি ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি বিষয়ে তথ্য প্রদান এই সেবার অন্তর্ভুক্ত থাকবে।

নির্বাচনকালীন তথ্যসেবা প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, নির্বাচন ও গণভোটের সময় নাগরিকদের জিজ্ঞাসা সাধারণত সময়নির্ভর, প্রেক্ষাপটভিত্তিক ও সংবেদনশীল হয়ে থাকে। তাই শুধু তথ্য থাকা যথেষ্ট নয়; যাচাইকৃত উৎসের ভিত্তিতে একই মানদণ্ডে নির্ভুল ও হালনাগাদ তথ্য উপস্থাপনের সক্ষমতা এজেন্টদের থাকতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য নাগরিক আস্থা ক্ষুণ্ন করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঠিক এ কারণে ইসি ও জাতীয় হেল্পলাইন-৩৩৩ নম্বরের দায়িত্ব সুস্পষ্ট রেখে সমন্বিতভাবে কাজ করা জরুরি।

এটুআই-এর প্রকল্প পরিচালক মো. আব্দুর রফিক বলেন, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অন্যতম পূর্বশর্ত হলো নাগরিকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া। নির্বাচনে ভোটার তালিকা, ভোটদানের পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, আচরণবিধি, বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রতিবন্ধী ভোটারের জন্য প্রযোজ্য ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে এই দুটি অ্যাপে তথ্য পাওয়া যাবে।

সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা না গেলে বিভ্রান্তি, গুজব বা ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়, যা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এই প্রেক্ষাপটে জাতীয় হেল্পলাইন নাগরিকবান্ধব তথ্যসেবা প্ল্যাটফর্ম সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

আরও পড়ুন

×