জীবনসঙ্গী খুঁজতে ভরসা যখন ম্যাচমেকিং সাইট
সাদি সাবেরিন
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:৪০
‘ঊনত্রিশ বছর বয়সে এসে মনে হচ্ছে, ঢাকার এই তুমুল ব্যস্ততায় মনের মতো একটা মানুষ খুঁজে পাওয়া লটারির টিকিট পাওয়ার মতো। অনেক ডেটিং অ্যাপে আলাপ হয় ঠিকই; কিন্তু দিন শেষে সেখানে মেকি আবহের শঙ্কা থেকেই যায়। ওদিকে আত্মীয়স্বজন এখন আর আগের মতো সম্বন্ধ খোঁজেন না। শূন্যতায় অদ্ভুত দিন কাটছে’– এসব কথা বলছিলেন ঢাকার বেসরকারি ব্যাংকে কর্মরত আশরাফুল ইসলাম। জীবনে একা থাকার আক্ষেপ বা একাকিত্ব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আধুনিক নাগরিক বাস্তবতায় দাঁড়িয়ে ঢাকার শিক্ষিত ও মধ্যবিত্ত তরুণ-তরুণীর বড় অংশই এখন জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে আস্থার সংকটে ভুগছেন। প্রথাগত ডেটিং অ্যাপের ওপর তীব্র অনীহা।
অন্যদিকে পুরোনো পারিবারিক কাঠামোর অনুপস্থিতি– এ দুইয়ের মাঝে দাঁড়িয়ে বদলে যাচ্ছে বাংলাদেশের চিরচেনা বিয়ে ও ডেটিং কালচার। প্রযুক্তিকেন্দ্রিক ম্যাচমেকিং কনসালট্যান্সি সাইয়োনিতে নিবন্ধিত তরুণ-তরুণীর মধ্যে পরিচালিত জরিপ ও প্রতিষ্ঠানটির নিবন্ধিত ডেটা বিশ্লেষণে পাওয়া গেছে চমকে দেওয়া কিছু তথ্য।
আগের ধারণা ছিল, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় পশ্চিমা বিশ্বের মতো বাংলাদেশেও ডেটিং অ্যাপের বাড়বাড়ন্ত হবে। কিন্তু জরিপ বলছে আরেক কথা। পরিসংখ্যান বলছে, ৫৭ শতাংশ তরুণ-তরুণী জীবনের কোনো না কোনো সময়ে ডেটিং অ্যাপ ব্যবহার করেছেন। তবে বর্তমানে মাত্র ১৫ শতাংশ সেখানে সক্রিয় আছেন।
জানা গেছে, জরিপে অংশ নেওয়া ৮৮ শতাংশ তরুণ-তরুণীই এখন ডেটিং কালচার নিয়ে তীব্র নেতিবাচক ও হতাশাজনক ধারণা পোষণ করেন।
অনেকের কাছে ডেটিং অ্যাপে মোহভঙ্গ, আরেকদিকে সম্পর্কের প্রতারণা– এই দুইয়ের মাঝখানের শূন্যস্থান পূরণ করতে এখন কাজ করছে দায়িত্বশীল ও প্রযুক্তিকেন্দ্রিক ম্যাচমেকিং প্ল্যাটফর্ম। যেখানে পারিবারিক গোপনীয়তা সুরক্ষা পাবে, প্রোফাইল যাচাই করা হবে ও পুরো প্রক্রিয়াটি থাকবে পেশাদার তত্ত্বাবধানে। ধারণার এমন ভিত্তিতেই তৈরি সাইয়োনি।
এই প্ল্যাটফর্মের উদ্যোক্তা তানভীর রহমান সমকালকে বলেন, আমি নিজে ঘটকের কাছে প্রতারিত হয়েছি। কিন্তু বেশি কষ্ট পেয়েছি, যখন দেখেছি এটি শুধু আমার গল্প নয়; সমাজে হাজারো শিক্ষিত পরিবারের অভিজ্ঞতা এখন অনেকটা এ রকমই। এই ধারণা থেকেই সাইয়োনি তৈরির কাজ হাতে নেই।
আত্মকেন্দ্রিক নাগরিক জীবনে যেখানে আস্থার বড্ড অভাব, সেখানে এমন প্ল্যাটফর্ম আধুনিক প্রযুক্তির মিশেলে আশির দশকের সেই হারিয়ে যাওয়া পারিবারিক আন্তরিকতা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। বিয়ে কোনো সাময়িক চুক্তি নয়; এটি দুটি পরিবারের দীর্ঘ পথচলার সেতুবন্ধ। তাই জীবনসঙ্গী খোঁজার এই যাত্রায় আজকের তরুণ প্রজন্ম এমন মাধ্যম খুঁজছে, যেখানে আধুনিক মননশীলতার সঙ্গে মিশে থাকবে চিরন্তন পারিবারিক মূল্যবোধ।
- বিষয় :
- জীবন