ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
×

ফরিদপুর অফিস ও মধুখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ১০:২১ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ১১:৪৪

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। রোববার বিকেলে ও সন্ধ্যায় যথাক্রমে ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাহ্মণকান্দা ও করিমপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ প্রথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর থেকে চট্টগ্রামগামী জে আর পরিবহনের একটি বাস করিমপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই দুই পথচারী মারা যায়। নিহত ২ পথচারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

তিনি আরো জানান, ঘাতক জে আর পরিবহনের বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এর আগে এদিন বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় ঈগল পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই ব্যক্তি গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আহত নাসির সরদার (২৫) নামে এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহত নাসির সরদার মধুখালী উপজেলার দামোদরদী গ্রামের বাসিন্দা।

আব্দুল্লাহ আল মামুন জানান, আহত অপর ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ঈগল পরিবহনের ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×