নিমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ছবি না দেওয়ায় সরকারি অনুষ্ঠান বর্জন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০৯:৪৬ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০৯:৪৬
ফরিদপুরের ভাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নিমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ছবি না দেওয়ায় এবং উপজেলার নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের অভাবের অভিযোগে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শনিবার মহান স্বাধীনতা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অংশগ্রহণ না করে এই অভিযোগ তোলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিন উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মিরান হাওলাদার।
তিনি বলেন, সারা বাংলাদেশে এই স্বাধীনতার ৫১ বছর এক প্রেক্ষেপটে পালন করা হচ্ছে। আর ভাঙ্গাতে এই তাবেদার প্রশাসন স্বতন্ত্র এমপির তাবেদারি করে উপজেলা প্রশাসনের নিমন্ত্রণপত্রে জাতীর পিতা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করেনি। তাই উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন আমরা আজকে সরকারি প্রোগ্রামকে বর্জন করেছি।
তিনি আরও বলেন, তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার না করে দাওয়াতপত্র তৈরি করেছে! আমরা প্রশাসনের জঘন্যতম ও অগণতান্ত্রিক মনোভাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফেরর আলগী ইউনিয়নে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেই ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে শরীফুজ্জামান শরীফকে মামলায় আসামি করে পুলিশি হয়রারি এবং নির্যাতন চালানো হচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান বক্তারা।
এসময় থানা প্রশাসনের উদ্দেশে হুশিয়ারী দিয়ে বক্তারা আরও বলেন, যদি অবিলম্বে প্রশাসনের এক চোখা মনোভাব বর্জন না করা হয় এবং আওয়ামী লীগ এবং তার সহোযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে ভবিষ্যতে আমলে না নেওয়া হয় তাহলে উপজেলা আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করবে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে কথা হলে জানান, তিনি একটি অনুষ্ঠানে অবস্থান করছেন।
তবে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের জানিয়েছে, এ বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোনো অভিযোগ করেনি।
এ বিষয়ে পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজা জানান, বিষয়টিতে সমন্বয়হীনতার অভাব রয়েছে। বিশেষ দিনটির নিমন্ত্রণপত্রে জাতীর পিতার ছবি আর লোগো এক জিনিস নয়। যদিও জেলা প্রশাসনের নিমন্ত্রন পত্রে বঙ্গবন্ধুর ছবি ও লোগো রয়েছে। অন্যান্য উপজেলাতেও একইভাবে নিমন্ত্রণপত্র করা হয়েছে। সেহেতু ভাঙ্গা উপজেলা প্রশাসনের নিমন্ত্রণপত্রটিও সেভাবে হওয়া উচিত ছিল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
