ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দ্বন্দ্বে আ.লীগে পদ হারালেন উপজেলা চেয়ারম্যান

বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দ্বন্দ্বে আ.লীগে পদ হারালেন উপজেলা চেয়ারম্যান
×

তোফায়েল আহমেদ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২ | ১০:৫০ | আপডেট: ০১ এপ্রিল ২০২২ | ১০:৫০

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে বিতর্ক ও দ্বন্দ্বে জড়িয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারালেন নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত হয়।

বিষয়টি আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবী, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মনছুর আলী, সহসভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি হাফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক এবাদত হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবীসহ বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান ও লাঞ্ছিত করেন তোফায়েল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় প্রধানের নির্দেশে তাকে ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন

×