পলাশে ভেজালবিরোধী অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান চালানো হচ্ছে, ছবি: সমকাল
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২ | ১০:১০ | আপডেট: ০৪ এপ্রিল ২০২২ | ১০:১০
নরসিংদীর পলাশে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজারে এ অভিযান চালানো হয়।
এসময় একটি ইফতারি ও দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আফসানা চৌধুরী। তিনি ঘোড়াশাল বাজারে নিত্যপণ্যের বাজারে সয়াবিন তেলসহ রমজানের প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন।
অভিযানে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ও বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আফসানা বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম না বাড়াতে পারেন, সে ব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। তাই এ অভিযান অব্যাহত থাকবে। ঘোড়াশাল বাজারে আজ তিন ব্যবসায়ীকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জরিমানা করা হয়েছে।
