একটি হুইল চেয়ারের অভাবে
বালতিতে প্রতিবন্ধী শিশু রমজান- সমকাল
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ | ২২:৫১
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা শিশু রমজান মিয়া। প্রতিবন্ধী। জন্মনিবন্ধন অনুযায়ী তার বয়স ৪ বছর ১১ মাস। তার সমবয়সী অন্য সব শিশু যখন খেলাধুলায় মত্ত, তখন রমজানের দিন কাটে বালতিতে বসে।
প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ার কারণে জন্মের পর থেকে হাঁটতে পারে না রমজান। তাই মা-বাবা তাকে কাজের ফাঁকে কোলে করে ঘোরাফেরা করেন। কিন্তু কাজের সময় তাকে বালতিতে বসিয়ে রেখে তাদের কাজ করতে হয়। একটি হুইলচেয়ারের অভাবে এমনটি করতে হয় বলে জানান রমজানের মা-বাবা।
রমজান মিয়া উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধুলজুরী গ্রামের দুদু মিয়া ও জেসমিন দম্পতির ছেলে। বুধবার গিয়ে কথা বলে জানা যায়, জন্মের পর থেকেই বাবা-মার কোলে করে বড় হয়ে ওঠে রমজান। জন্মগতভাবেই ছেলেটি প্রতিবন্ধী হওয়ায় বাবা-মা তার চিকিৎসার জন্য ছুটছেন এদিক-ওদিক। এক কক্ষবিশিষ্ট মাটির ঘরে বসবাস করে দুদু মিয়ার পরিবার। সংসারের ঘানি টানতে ভাড়া করা অটোরিকশা চালিয়ে কোনো রকম দিনাতিপাত করলেও একটি হুইলচেয়ার কেনার মতো সামর্থ্য তাদের নেই।
এ কারণে চেয়ারম্যান-মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরে একটি হুইলচেয়ার না পেয়ে নিরাশ হয়ে সাংবাদিকদের মাধ্যমে রমজানের মা জেসমিন আক্তার আকুতি জানিয়েছেন, অন্তত একটি হুইল চেয়ার থাকলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেত।
শিশুটির বিষয়ে জাতীয় শিশু সেবা ১০৯৮ নম্বরে কল করলে নাজনিন আফরোজ নামে এক কর্মকর্তা সমকালকে বলেন, নিয়ম অনুযায়ী ৬ বছর বয়স হলে সে (রমজান) প্রতিবন্ধী ভাতার আওতায় আসবে। একটি হুইলচেয়ারের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
- বিষয় :
- হুইলচেয়ার
- প্রতিবন্ধী শিশু
- ঢাকা
- কিশোরগঞ্জ
- হোসেনপুর
