পটিয়ায় ১০ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা- সমকাল
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ | ০৮:০৮
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় ১০ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ মাসুম হোসেন (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার ভোর ৫ টায় উপজেলার শান্তিরহাট এলাকায় র্যাব-৭ এর বিশেষ অভিযানে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত শ্যামলী পরিবহনের একটি বাসও জব্দ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাসুম কুমিল্লা জেলার বড়ূড়া উপজেলার হেরফিটি গ্রামের মৃত গোলাম রাহানীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান সমকালকে জানান, মাদক ব্যবসায়ী মাসুম একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করে। এ সময় কক্সবাজার হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশী শুরু করলে বাসের ভেতর থেকে মাদক ব্যবসায়ী মাসুম বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় মাসুমের তথ্যমতে বাসটি তল্লাশী করে বাসের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাসুমকে গ্রেফতার করা হয় এবং শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়।
মাশকুর রহমান জানান, গ্রেফতারকৃত মাসুম বাসের হেলপার হিসেবে কাজ করার আড়ালে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
- বিষয় :
- পটিয়া
- চট্টগ্রাম
- ইয়াবা পাচার
- মাদক ব্যবসায়ীকে আটক
