শিক্ষকদের ক্লাসে ফেরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ -সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৩৩
দ্বিতীয় শিফটের পারিশ্রমিক কমানোর প্রতিবাদে ও ১৯ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে মঙ্গলবার সাতক্ষীরায় পলিটেকনিক কলেজ শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষক সমিতির দেওয়া কর্মসূচি অনুযায়ী এই বিরতি চলছে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ মাকসুদুর রহমান।
তারা বুধবার নিজ নিজ কলেজে অবস্থান ধর্মঘটসহ লাগাতার কর্মসূচি পালন করবেন বলেও ঘোষণা দিয়েছেন।
এদিকে শিক্ষকদের অবিরাম কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাতক্ষীরা পলিটেকনিক কলেজের ছাত্ররা। তারা বলেন, শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শিক্ষকরা ক্লাস না নেওয়ায় আমাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে।
