এমপি-উপজেলা চেয়ারম্যানের হাতাহাতি
মহাসড়ক অবরোধ করে উপজেলা চেয়ারম্যানের বহিষ্কার দাবি
কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে এমপি সমর্থিত নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি- সমকাল
কুমিল্লা প্রতিনিধি ও দেবিদ্বার সংবাদদাতা
প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ০৬:৪৪ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ০৬:৪৭
জাতীয় সংসদ ভবনের এলডি হলে হাতাহাতির ঘটনায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সমর্থিত নেতাকর্মীদের পাল্টা পাল্টি কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এমপির সমর্থিত নেতাকর্মীরা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা চেয়ারম্যানের বহিষ্কার দাবি করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে উপজেলা সদরে সড়ক অবরোধ করে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা ওই অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানীর সভাপতিত্বে নিউ মার্কেট স্বাধীনতা চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, সংসদ ভবনের এলডি হলে আবুল কালাম আজাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে লাঞ্ছিত করেছেন। তিনি একজন উপজেলা চেয়ারম্যান হয়ে সংসদ সদস্যের সাথে অশালীন আচরণ করেছেন এবং তার বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। এজন্য তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান দলীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদব বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট নাজমা বেগম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামিম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল মান্নান মোল্লা, সহ সভাপতি মো. শাহাদাৎ হোসেন মিঠু, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেলসহ দলীয় নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তাকে দল থেকে বহিষ্কারের দাবি করেন। বিক্ষোভ সমাবেশে উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর এলাকার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
গত ১৬ জুলাই জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভায় একটি ইউনিয়ন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিলঘুসি মারেন। এরপরে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বিষয়টি সুরাহা করতে গেলে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রায় ৩ মিনিটের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে দেবিদ্বারে উত্তেজনা বিরাজ করছে।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, আওয়ামী লীগের দুটি গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনার দিন থেকে উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ রাস্তায় নেমে অবরোধকারীদের সরিয়ে দেয়। প্রায় ২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
