আবার প্ল্যাকার্ড হাতে রাস্তায় 'আফেন্দি স্যার'
প্ল্যাকার্ড হাতে রাস্তায় আফেন্দি নূরুল ইসলাম- সমকাল
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০৭
নান্দাইলের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম আবারও প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন। তবে এবার বাংলাদেশের যুব ক্রিকেট দল আইসিসি যুব ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় দলের সদস্যদের সম্মান জানাতে। মঙ্গলবার দুপুরে পৌর সদরের প্রধান সড়ক ও অলিগলিতে প্ল্যাকার্ড হাতে দেখতে পাওয়া গেছে 'আফেন্দি স্যার' নামে পরিচিত এই শিক্ষককে।।
শিরোপাজয়ী যুব ক্রিকেটারদের উৎসাহ যোগাতে আফেন্দি স্যার 'জয় জয় বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের জয়' শিরোনামে অভিনব কায়দায় প্ল্যাকার্ড ও একটি অভিনন্দন বার্তা হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আফেন্দি স্যার প্ল্যাকার্ড হাতে সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে একাকী প্রতিবাদ জানিয়ে রাস্তায় ঘুরে বেড়ান। হাতে লেখা বিভিন্ন বাণীসম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এছাড়া ঘুষ-দুর্নীতি, মাদক, ধর্ষণ, শিশু হত্যা, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যার পাশাপাশি সরকারের ভাল কাজের প্রশংসা করে এখন পর্যন্ত শতাধিক বার প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন সময়ে তিনি রাস্তায় নেমেছেন।
এ বিষয়ে অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম বলেন, 'বাংলার দামাল ছেলেরা আমাদের দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে উজ্জ্বল করেছে। যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটের সূর্য্য সন্তানদের সম্মান জানাতে ঢাকা তো যেতে পারবোনা, তাই অভিনন্দন বার্তা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি'।
তিনি আরও বলেন, 'সমাজের সবারই ভালো কাজের প্রশংসা ও মন্দ কাজে প্রতিবাদ করা উচিত'।
উল্লেখ্য, আফেন্দি নূরুল ইসলাম নান্দাইল সদরে অবস্থিত সরকারি শহীদ স্মৃতি আর্দশ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।
