চিকিৎসক ও নার্সদের নোবেল পুরস্কার পাওয়া উচিত: মেয়র নাছির
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০৭:৩২
হাসপাতালে দেওয়া সেবা বিবেচনায় নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চামেক) হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নোবেল পুরস্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার দুপুরে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট 'সিসিইউ-২' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেয়র নাছির বলেন, 'কাগজে কলমে চমেক হাসপাতালে শয্যার সংখ্যা ১৩'শ হলেও প্রতিদিন প্রায় ছয় থেকে সাত হাজার রোগীকে সেবা দিতে হয়। তাছাড়া প্রতিদিন বহিঃবিভাগেও আরও কয়েক হাজার রোগীদের সেবা দিতে হয়। এটা কিন্তু চারটি খানি কথা নয়।'
তিনি বলেন, রোগীদের সেবায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন। তারা যে সেবা দিয়ে যাচ্ছেন সেজন্য তাদের নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে আমি মনে করি। নানা সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও তারা যে সেবা দিয়ে যাচ্ছেন তা সত্যি প্রশংসনীয়।'
চমেক হাসপাতাল হৃদরোগ বিভাগ ও রোগী কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রবীর কুমার দাশ, শিশু বিশেষজ্ঞ ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার, তাহের ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক আবুল বশর, পরিচালক মুনতাসির মামুন, চমেক হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা প্রমুখ।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে মেয়র নাছির বলেন, 'কেবল ধারণার ওপর নির্ভর করে হাসপাতাল নিয়ে সংবাদ পরিবেশন করা কারও উচিত নয়। এর দ্বারা মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। ঢালাওভাবে সব চিকিৎসকের বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করা উচিত নয়।
তিনি বলেন, হাসপাতালে সরেজমিন এসে দেখুন চিকিৎসক ও নার্সরা কত কষ্ট করে সেবা দিয়ে যাচ্ছেন। দেশের অধিকাংশ মানুষের পক্ষে বিদেশ গিয়ে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। যে কারণে সরকারি হাসপাতালগুলোই তাদের কাছে একমাত্র ভরসার জায়গা।'
এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের
চিকিৎসক, নার্সসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেয়র
আনুষ্ঠানিকভাবে রোগী কল্যাণ সমিতির ওয়েবসাইটের উদ্বোধন করেন।
- বিষয় :
- মেয়র নাছির
- চট্টগ্রাাম
- চসিক মেয়র
- চট্টগ্রাম
