কক্সবাজারে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি।
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২ | ০৭:৩৩ | আপডেট: ০৯ অক্টোবর ২০২২ | ০৭:৩৩
কক্সবাজার শহরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শ্রমিক। আজ রোববার দুপুর একটায় কক্সবাজার শহরের লাইট হাউজ সংলগ্ন সৈকত আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন।
নিহতরা হলেন- কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ার আবুল কাশেম এবং কক্সবাজার জেল গেইট এলাকার নুরুল হুদা ওরফে জাম্বু। এ ঘটনায় আহত হয়েছেন কক্সবাজার শহরের ঘোনার পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান।
পুলিশ কর্মকর্তা সেলিম উদ্দিন বলেন, রোববার দুপুরে কক্সবাজার শহরের লাইট হাউজ সংলগ্ন সৈকতে আবাসিক এলাকায় সৌদি প্রবাসী মোস্তাক আহমদের নির্মাণাধীন ভবনের একটি সেপটিক ট্যাংকে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এতে ট্যাংকের ভেতরে নেমে তিন জন শ্রমিক অচেতন হয়ে পড়েন।
তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, নির্মাণাধীন ট্যাংকের ভেতরে অক্সিজেন সংকটের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণশ্রমিক মোহাম্মদ রুবেল জানান, ওই ট্যাংকে তারা সাত জন শ্রমিক কাজ করছিলেন। আবুল কাশেম নামের একজন শ্রমিক ওই ট্যাংকের ভেতরে পরিষ্কার করতে নামেন। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারের জন্য ট্যাংকে নামেন নুরুল হুদা ওরফে জাম্বু। এ সময় তিনিও অচেতন হয়ে পড়েন। এরপর ট্যাংকের ভেতরে অচেতন দুইজনকে উদ্ধারে নামেন মোহাম্মদ হাবিবুর রহমান নামে আরেক শ্রমিক। এতে তিনি অচেতন হয়ে যান।
ঘটনার এই প্রত্যক্ষদর্শী বলেন, ট্যাংকের ভেতরে অচেতন তিনজনকে ঘটনাস্থলে উপস্থিত অন্য শ্রমিকরা কৌশলে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
পুলিশ পরিদর্শক সেলিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
- বিষয় :
- সেপটিক ট্যাংক
- নিহত
- আহত
- চট্টগ্রাম
- কক্সবাজার
