ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ড
ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ড/ ছবি- সংগৃহীত।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২ | ০১:৪০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ | ০১:৪৪
চট্টগ্রামের পতেঙ্গায় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা পৌনে একটার দিকে আগুন সম্পূর্ণ রূপে নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বেলা সোয়া একটায় সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ডিএডি আবদুল হামিদ। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে দেশের একমাত্র এই তেল শোধনাগারের পাইপ লাইনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের বন্দর, পতেঙ্গা, ইপিজেড ও আগ্রাবাদের ৪টি ইউনিটের ৮টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের চেষ্টায় বেলা ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে এবং পৌনে একটায় আগুন পুরোপুরি নেভানো হয়েছে।
