ওষুধের দোকানে অভিযান, ধর্মঘটের ডাক ব্যবসায়ীদের
জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধর্মঘট আহ্বান করেছেন ব্যবসায়ীরা। ছবি- সমকাল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ০৯:২৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ০৯:২৪
পটুয়াখালীতে বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানাও করা হয়। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের প্রতিবাদে জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধর্মঘট আহ্বান করেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, তাঁদের নোটিশ না দিয়ে হঠাৎ ওষুধের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয় এবং প্রতিটি দোকানকে ১০ থেকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা খারাপ আচরণ করেন।পটুয়াখালী মেডিকেল হলের মালিক মো. জাহাঙ্গীর হোসেনের ভাষ্য, 'ডিলিং লাইসেন্স কী তা তাঁরা জানেন না এবং তাঁদের কোনো নোটিশও দেওয়া হয়নি এ বিষয়ে। সন্ধ্যার দিকে হঠাৎ করে অভিযান চালান এবং তাঁর দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইখতিয়ার আহমেদ রাহাত অভিযোগ করেন, 'ডিলিং লাইসেন্স' কী তা তাঁরা জানেন না এবং এ বিষয়ে পূর্ব নোটিশও দেওয়া হয়নি। হঠাৎ করে ভ্রাম্যমাণ আদালত ওষুধের দোকানগুলোতে ঢুকে অভিযান শুরু করেন এবং জরিমানা করেন। লাজফার্মা ফার্মেসিকে ১৫ হাজার, পটুয়াখালী মেডিকেল হলকে ১০ হাজার টাকাসহ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।
তিনি বলেন, আইনের প্রতি তাঁদের শ্রদ্ধা আছে; কিন্তু 'ডিলিং লাইসেন্সে'র বিষয়ে তো আগেভাগে নোটিশ দিতে হবে। তা না দিয়ে হঠাৎ করে অভিযান চালাল। এ বিষয়ে তাঁরা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে খারাপ আচরণও করা হয়। এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের ধর্মঘট চলবে জানান তিনি।
বিধি অনুযায়ী এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির। তিনি বলেন, যাঁরা ব্যবসা করছেন, তাঁদের তো জানা প্রয়োজন এ ব্যবসার জন্য কী কী লাইসেন্স ও কাগজপত্র দরকার রয়েছে। তা না জানলে তাঁরা ব্যবসা করছেন কীভাবে ?