ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওসি স্যারের জন্যও একটা বাজেট কইরো: আসামিকে এসআই

ওসি স্যারের জন্যও একটা বাজেট কইরো: আসামিকে এসআই
×

এসআই মো. ওয়ারেশ আলী

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২ | ০৮:০০ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০৮:০০

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের রাজপাড়া থানার এসআই মো. ওয়ারেশ আলীর বিরুদ্ধে এক আসামির কাছে থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে আসামির কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ নেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

মামলার আসামি ও রাজপাড়া থানা পুলিশ জানায়, গত ৩ নভেম্বর পূর্ব শত্রুতার জেরে রাজপাড়া থানার আইডিবাগানপাড়া এলাকার সেলিমের ছেলে সম্রাটকে মারপিটের অভিযোগ ওঠে। এ ঘটনায় সম্রাট বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে রাজপাড়া থানায় একটি মামলা করেন। এই মামলায় আইডিবাগানপাড়ার ইকরামের ছেলে রাফি, রাফির ভাই সাদি, স্থানীয় কাঁচা ও রবিনকে আসামি করা হয়

মামলাটির তদন্তের জন্য এসআই ওয়ারেশকে দায়িত্ব দেওয়া হয়। মামলার পরদিন গত ৪ নভেম্বর এসআই ওয়ারেশ নিজ নম্বর থেকে আসামি রাফিকে ফোন করেন।

এ সময় তিনি রাফিকে বলেন, তাকে গ্রেপ্তার করা হবে না। এজন্য কিছু খরচ দিতে হবে। এরপর তিনি বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা নেন। পরে আরেকটি নম্বরে আরও ৩ হাজার টাকা নেন।

এখানেই শেষ নয়। ওয়ারেশ আলী তার ব্যক্তিগত নম্বর থেকে ফোন করে রাফিকে বলেন, ওসি স্যারের জন্যও একটা বাজেট কইরো। স্যারকে দিতে হবে, না হলে সমস্যা হবে।

এ বিষয়ে জানতে চাইলে এসআই ওয়ারেশ আলী বলেন, পূজার সময় আমার দায়িত্বে ভাটাপাড়া এলাকায় চারটি মণ্ডপ ছিলো। এসময় আমি ওই এলাকার চোলাই মদ বিক্রি বন্ধ করে দেই। এ নিয়ে তারা আমার উপর ক্ষিপ্ত ছিলো। পরে একটি মামলার আসামি গ্রেপ্তারের চেষ্টা করি। এ নিয়ে আসামিরা আমার কণ্ঠ এডিট করে ভাইরাল করেছে। আমার টাকা চাওয়ার প্রশ্নই আসে না।

রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, ওয়ারেশ আলী তখন ছুটিতে ছিলো। তার টাকা চাওয়ার অডিও ভাইরাল হওয়ায় তাকে আপাতত পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

×