কলমাকান্দায় মধ্যরাতের আগুনে গোডাউনের মালামাল পুড়ে ছাই
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি- সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩ | ০২:৪০ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ০২:৪৬
নেত্রকোণার কলমাকান্দায় শুক্রবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের মুদি দোকানের একটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই দোকানি।
কলমাকান্দা মধ্য বাজারের চাউল মহাল সংলগ্ন সুধাংশ সরকারের মুদির দোকানের গোডাউন ঘর থেকে শুক্রবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মধ্য বাজারের সুধাংশ সরকারের মুদির দোকানের গোডাউন ঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া পশ্চিম পাশে থাকা আরো একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
কলমাকান্দা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাজল দে সরকার সমকালকে বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার এমদাদুল ইসলাম সমকালকে বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কলমাকান্দা থানার ওসি (তদন্ত) খোকন কুমার সাহা বলেন, বাজারে টহলরত পুলিশ প্রথমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
- বিষয় :
- অগ্নিকাণ্ড
- আগুন
- গোডাউন
- ময়মনসিংহ
- নেত্রকোনা
- কলমাকান্দা
